ভারত সিরিজ
অনুশীলনে ধাক্কা লেগে ছিটকে গেলেন কনওয়ে

ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। সতীর্থ পেসার ম্যাট হেনরির সঙ্গে অপ্রত্যাশিত এক সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ে। এর আগে হ্যামস্ট্রিং ও কাঁধের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ব্যাটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্র।
অকল্যান্ডে বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। এর আগে ইডেন পার্কে মঙ্গলবার অনুশীলনের সময় দুই সতীর্থের সংঘর্ষের ঘটনা ঘটে। মাঠেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে কনওয়েকে দ্রুত জরুরি বিভাগে নেওয়ার পর স্ক্যানে তার ‘কনকাশন’ নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। টি-টোয়েন্টি সিরিজে ডাগআউটে থাকা কনওয়ে ওয়ানডে সিরিজে একাদশে ফেরার অপেক্ষায় ছিলেন। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন টিম সেফার্ট। দুর্ভাগ্যজনক এই ঘটনা নিয়ে দলের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘ম্যাট হেনরি কনকাশন টেস্টে উৎরে গেলেও ডেভের বিষয়টি দুর্ভাগ্যজনক ছিল। অনুশীলনের এই অদ্ভুত দুর্ঘটনাটি সত্যিই মন খারাপের। ডেল ওয়ানডে ক্রিকেটে অত্যন্ত নির্ভরযোগ্য একজন ব্যাটার। যদি ডেভ শেষ পর্যন্ত না খেলতে পারে, তবে স্বাভাবিকভাবেই সেফার্ট একাদশে তার জায়গা নেবে।’
মাঠের খেলা নিয়ে স্যান্টনার মনে করেন, ইডেন পার্কের ছোট বাউন্ডারিতেও পেসাররা সুবিধা পাবেন, ‘ফরম্যাট ভিন্ন হলেও ইডেন পার্কে আমরা প্রচুর ওয়ানডে খেলেছি। গত টি-টোয়েন্টিতে যেমন দেখেছি, এখানকার উইকেটে ঐতিহ্যগতভাবেই কিছুটা বাড়তি বাউন্স থাকে। তবে এই মাঠের সীমানা এবং তীব্র বাতাসের কারণে ক্যাচ ধরা বেশ চ্যালেঞ্জিং হতে পারে।’ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারের পেছনে ক্যাচ হাতছাড়া করাকে বড় কারণ হিসেবে দেখছেন কিউই অধিনায়ক, ‘হ্যামিল্টনের শেষ ম্যাচের পর আমরা পর্যালোচনা করেছি। ছোট ছোট সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকম হতে পারত। দিনে অনুশীলন করা আর ফ্লাডলাইটের আলোয় ও বাতাসে ক্যাচ ধরা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন ছেলেরা ক্যাচ মিস করার ভয়ে গুটিয়ে না থাকে। কিন্তু ভারতের মতো বিশ্বমানের ব্যাটারদের সুযোগ দিলে তারা যে কী করতে পারে, সেটা গত সিরিজে আমরা হাড়েহাড়ে বুঝেছি।’





