নাহিদাকে অধিনায়ক করে উদীয়মান আসরের দল ঘোষণা
- ১০ দলের টি-টোয়েন্টি আসর আমিরাতে

নতুন মিশনে নাহিদা
নাহিদা আক্তারকে অধিনায়ক করে আইসিসি উইমেন্স ইমারজিং নেশনস ট্রফি এর জন্য দল ঘোষণা করেছেন নারী দলের নির্বাচকরা। ১০ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতের আজমানে। এশিয়ান গেমসের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি, নাহিদার নেতৃত্বে প্রথমবারের মত কোন টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।
উদীয়মানদের আসরে কেন নাহিদা, জ্যোতি, ফাহিমাদের মত অভিজ্ঞরা? এই প্রশ্ন রাখা হয়েছিল নারী দলের নির্বাচক শিপন আহমেদের কাছে? আগামীর সময়কে তিনি জানিয়েছেন, ' টুর্নামেন্টটা ইমারজিং নেশনস এর, ইমারজিং ক্রিকেটারদের নয়। এখানে উপরের সারির দলগুলো নেই, তবে সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড আছে। ম্যাচগুলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি এর মর্যাদা পাবে। সেজন্যই আমরা নিয়মিত দলের খেলোয়াড়দেরই পাঠাচ্ছি।' ফাহিমা মেয়েদের টি-২০ বিশ্বকাপে খেলেছেন ৬ বার, তাকেই আবার পাঠানো হচ্ছে মেয়েদের উদীয়মান দেশগুলোর টি-২০ টুর্নামেন্টে। এভাবে উদীত হয়ে অস্তাচলে যাওয়া ক্রিকেটাররাই যদি জাতীয় সব আসরেই জায়গা আঁকড়ে রাখেন তাহলে তরুণ ক্রিকেটার উঠে আসবে কি করে? অবশ্য এই নীতি নতুন নয় বিসিবিতে, অভিজ্ঞতার ভারে নুয়ে পড়া আবু হায়দার রনি আর সৌম্য সরকারকেও উদীয়মানদের আসরে পাঠানোর নজির তো আছেই!
অথচ আগামী বছরের শুরুতেই দেশের মাটিতে অনূর্ধ-১৯ বিশ্বকাপ। এই আসরটা হতে পারত যুব দলের কয়েক ক্রিকেটারকে একটু পরখ করে দেখার মঞ্চও।
ইমারজিং নেশনস ট্রফিতে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে পাকিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। এরপর সুপার সিক্স, সেরা দুই দল খেলবে ফাইনালে।
বাংলাদেশ স্কোয়াড-নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোশতারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা,সানজিদা আখতার মেঘলা, সাথী রানী।



