স্যান্ডপেপার কেলেঙ্কারি
স্মিথকে যেন নেকড়ের সামনে ছুড়ে ফেলা হয়েছিল!

সংগৃহীত ছবি
২০১৮ সালের সেই স্যান্ডপেপার কেলেঙ্কারি এলোমেলো করে দিয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। সবচেয়ে বড় ভুক্তভোগী ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। সেই ঘটনার ৮ বছর পেরিয়ে গেলেও দুঃস্মৃতিটা এখনো ভোলেননি স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে স্মিথ জানালেন, ওই সময় তাকে রীতিমত ‘নেকড়ের সামনে ছুড়ে ফেলা হয়েছিল’!
২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাচ্ছেন স্মিথ। অস্ট্রেলিয়ার ‘কোড স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ মনে করিয়ে দিলেন সেই প্রেস কনফারেন্সের কথা, ‘আমি ক্যামেরার খুব একটা ভক্ত নই। সত্যি বলতে, ক্যামেরার আশপাশে থাকলে উদ্বিগ্ন হয়ে পড়ি। সেই প্রেস কনফারেন্স আমার জীবনের একটি যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ছিল। ক্যামেরার ফ্ল্যাশ শুনলে কোনভাবে সেই সময়টায় আবার ফিরে যাই।’
কেপটাউনের সেই ঘটনা স্মিথের ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। অধিনায়কত্ব হারান তিনি, এক বছরের জন্য হন নিষিদ্ধও। একই শাস্তি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। ক্যামেরন ব্যানক্রফট পেয়েছিলেন ৯ মাসের নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞার খবর পাওয়াটা তার ক্যারিয়ারের অন্যতম কঠিন মুহূর্ত ছিল বলেই স্বীকার করছেন স্মিথ, ‘জেমস সাদারল্যান্ড যখন আমাকে নিষেধাজ্ঞার খবরটা দিলেন, সেই ২৪ থেকে ৪৮ ঘণ্টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। এরপর জোহানেসবার্গ বিমানবন্দরে আমাকে ঘিরে ধরার ঘটনা এবং দেশে ফিরে সেই সংবাদ সম্মেলন—সবকিছুই খুব কঠিন ছিল।’
জোহানেসবার্গ বিমানবন্দরের তিক্ত অভিজ্ঞতা নিয়ে স্মিথ জানান, ‘আমার মনে হয়েছিল, আমাকে যেন নেকড়েদের সামনে ছুড়ে ফেলা হয়েছে! সেখানে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না।’
আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।



