এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শারমিন আখতারের ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতে জ্বলে ওঠেন মারুফা, রাবেয়া, নাহিদা। আগামী ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১০৩ রান তোলে বাংলাদেশ। এদিনও টপ অর্ডারে ধস নেমেছিল। ওপেনার দিলারা আক্তার ‘ডাক’ মারেন। ২০ বলে ১৬ রান করেন আরেক ওপেনার জুয়াইরিয়া। অধিনায়ক নিগার সুলতানা চারে নেমে খেলেন ২৮ বলে ২৩ রানের ধীরগতির ইনিংস। স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন দুজনেই মারেন ‘গোল্ডেন ডাক’। সপ্তম উইকেটে নাহিদা আক্তারকে সঙ্গী করে শারমিন আখতার গড়েন ৪৩ বলে ৪২ রানের দারুণ জুটি। ৫৫ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ এই জুটিতেই একশ ছাড়ায়। শারমিন ৩১ বলে ৩ চারে ৩৮ রান করেন আর নাহিদা ২৬ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। আমিরাতের হয়ে ৩ উইকেট নেন সুরক্ষা কোট্টে। স্বল্প পুঁজি নিয়ে আরব আমিরাতকে আটকানোর মিশনে প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দেন মারুফা আক্তার। ইনিংসের চতুর্থ বলে এই গতি তারকার শিকার হন আমিরাত অধিনায়ক ইশা ওঝা (২)। পঞ্চম ওভারে ফেরান চারে নামা রিনিথা রাজিতকে (৫)। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে মারুফার শিকার ২ উইকেট। টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ে ৩৮ রানেই পাঁচ উইকেট হারায় আমিরাত। শেষ পর্যন্ত তারা ৯ উইকেটে ৬৯ রানে থামে। রাবেয়া খান ১৪ রানে নেন ৩ উইকেট, দুটি নেন নাহিদা। একটি করে শিকার ধরেছেন সুলতানা খাতুন এবং ফাহিমা খাতুন।






