বাবা শেবাগের মতোই বিধ্বংসী ব্যাটিং ছেলে আর্যবীরের

সংগৃহীত ছবি
বাবা বীরেন্দর শেবাগের ব্যাটিং মানেই ছিল বোলারদের ওপর চড়াও হওয়া। ভারতের সাবেক এই ওপেনারের মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কাড়ছেন ছেলে আর্যবীর শেবাগ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে চণ্ডীগড়ের বিপক্ষে মাত্র ১৪৩ বলে ১৭৩ রানের ইনিংস খেলেছেন ১৮ বছর বয়সী এই ব্যাটার।
ভিনু মানকড় ট্রফির এলিট পর্বে দিল্লির অধিনায়ক আর্যবীরের ইনিংসটি সাজানো ১৯টি চার ও ৮টি ছক্কায়। তার দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে দিল্লি।
গত ৮ অক্টোবর বিশাখাপট্টনমে শুরু হয়েছে ভিনু মানকড় ট্রফির এলিট পর্ব। এই প্রতিযোগিতায় দিল্লির নেতৃত্ব দিচ্ছেন আর্যবীর। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক হয়েছিল তার। এবার ঘরোয়া ক্রিকেটেও অধিনায়ক হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি।
আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে আলাদা পরিচিতি ছিল শেবাগের। টেস্ট ক্রিকেটেও ওয়ানডের মেজাজে ব্যাট চালিয়ে বোলারদের চাপে ফেলতেন তিনি। ছেলের ব্যাটিংয়েও দেখা যাচ্ছে সেই আগ্রাসী মানসিকতার ঝলক।
জাতীয় দলের যুব পর্যায়েও নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন আর্যবীর। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে তার সংগ্রহ ছিল ১০৯ রান। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ভারত জিতেছিল ৭ রানে। দ্বিতীয় ম্যাচে ৪৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। রানআউট না হলে ফিফটিও পেতে পারতেন। সিরিজের শেষ ম্যাচে করেন ৩৪ রান।
দিল্লি প্রিমিয়ার লিগেও খেলেছেন এই তরুণ ওপেনার। সেখানে ওয়েস্ট দিল্লি লায়নসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। চণ্ডীগড়ের বিপক্ষে বড় ইনিংসটি দিয়ে আবারও বুঝিয়ে দিলেন, বাবার পরিচয়ের বাইরেও নিজের ব্যাটিং দিয়ে আলাদা জায়গা তৈরি করার সামর্থ্য রয়েছে তাঁর।



