আরব আমিরাতে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না শান্তর

ছবি: আগামীর সময়
এশিয়ান গেমস থেকে প্রচন্ড জ্বর নিয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। সামনেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। ওই সিরিজের ক্যাম্পে এশিয়ান গেমস থেকেই যোগ দেওয়ার কথা ছিল টেস্ট অধিনায়কের। অথচ শান্ত কবে যোগ দেবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বৃহস্পতিবার টেস্ট দলের সদস্যরা আরব অমিরাত যাচ্ছেন। আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন ক্যাম্প করবেন তারা। অসুস্থতার কারণে এই দলের সঙ্গে যাওয়া হচ্ছে না শান্তর।
রক্তের সংক্রমণ থাকায় অসুস্থ হয়ে পড়েছিলেন শান্ত। মঙ্গলবার দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসের আশা, সিরিজ শুরু আগে সঠিক সময়েই দলের সঙ্গে যোগ দিতে পারবেন শান্ত।
বুধবার সাংবাদিকদের নাফিস জানিয়েছেন, ‘শান্ত কিছুটা জ্বরে ভুগছিল। আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে এশিয়ান গেমস থেকে বাংলাদেশে নিয়ে এসেছি। সে গতকাল রাতে বাংলাদেশে ফিরেছে। আজ সে ডাক্তার দেখিয়েছে। তবে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং ডাক্তার যে মূল্যায়ন করেছেন, তাতে সে সুস্থতার দিকে এগোচ্ছে। আমরা খুবই আশাবাদী, যথাসময়ে সে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’
আবু ধাবিতে আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার রাত ১০.১৫ মিনিটের ফ্লাইটে টেস্ট দলের একটা অংশ দেশ ছাড়বে। বাকিরা জাপানে এশিয়ান গেমস শেষে সরাসরি দলে যোগ দিবেন। তবে জ্বর নিয়ে দেশে ফেরা শান্ত আগামীকাল দলের সঙ্গে যাচ্ছেন না। ৪ ও ৫ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
নাফিসের আশা এর আগেই দলের সঙ্গে যোগ দিবেন, ‘যদিও সে আগামীকাল দলের সঙ্গে যাচ্ছে না, আমাদের মূল টুর্নামেন্ট ও সিরিজ তো ৫ তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা বিশ্বাস করি, যথাসময়ে সুস্থ শান্তকে আমরা পাব, ইনশাআল্লাহ।’
আবুধাবির তাপমাত্রা এই মুহূর্তে প্রায় ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানেই টেস্ট খেলবে টাইগাররা। ফলে বিশেষ করে পেসারদের নিয়ে বাড়তি চিন্তা থেকেই যায়। সেই বিবেচনা টিম ম্যানেজমেন্টের আছে বলে জানান নাফীস, ‘প্রত্যেক খেলোয়াড়ের সুস্থতা, তাদের ভালো থাকা এবং কন্ডিশন- এসব বিষয় অবশ্যই টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকে। আগামী দুই-তিন মাসে আমাদের যে গুরুত্বপূর্ণ ক্রিকেট আছে, সেগুলো বিবেচনায় নিয়েই দল গঠন করবে। অন্তত এখন পর্যন্ত তারা সেভাবেই করেছে এবং এই সিরিজেও এর ব্যতিক্রম হবে না।’
এই সফরেই সাত বছর পর ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের পাশাপাশি অপর দল জিম্বাবুয়ে। টেস্টের পর ১৭ অক্টোবর প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে, এরপর বাংলাদেশ ২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানদের সঙ্গে। ২৩ অক্টোবর হবে ফাইনাল। সবশেষ ২০১৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ।



