শরিফুলকে চেয়ে খালেদকে পাচ্ছে কেন্ট

ছবি: বিসিবি
হাসান মাহমুদের পারফরম্যান্সে বাংলাদেশের পেস বোলারদের সম্পর্কে ধারণাই বদলে গিয়েছে ইংলিশ কাউন্টির দল কেন্টের কর্তাব্যক্তিদের। তাই তো বাংলাদেশের বামহাতি পেসার শরিফুল ইসলামকে দলে নিতেও আগ্রহ দেখিয়েছে কেন্ট। তবে সম্প্রতি ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট নেওয়া এই পেসারকে দলে নিতে পারছে না কেন্ট, কারণ অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সদ্যই চোট থেকে সেরে ওঠা, ওয়ার্কলোড এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে সামনে ব্যস্ত সূচি—সব মিলিয়েই ক্রিকেট পরিচালনা বিভাগ ও মেডিকেল বিভাগের সম্মিলিত সিদ্ধান্তে অনাপত্তিপত্র দেওয়া হয়নি শরিফুলকে। তবে খালি হাতে ফিরতে হচ্ছে না কেন্টকে; শরিফুলের বদলে বাংলাদেশ থেকে পেসার খালেদ আহমেদকে দলে নিচ্ছে ইংলিশ কাউন্টি দলটি।
বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস 'আগামীর সময়'কে জানিয়েছেন, ‘শরিফুলকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল কাউন্টি দল কেন্ট। তবে শরিফুলের ওয়ার্কলোড, বাংলাদেশ দলের এই সময়ের সিরিজ ও তার চোটের ইতিহাস—সবকিছু মিলিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগ ও মেডিকেল বিভাগের সম্মিলিত সিদ্ধান্তে তাকে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নাফীস আরও জানান, ‘শরিফুল লাল বল ও সাদা বল—উভয় সংস্করণেই আমাদের নিয়মিত খেলোয়াড়দের একজন। সে সম্প্রতি চোট থেকে সেরে উঠেছে। সামনে আমাদের অনেক খেলা। ভারত সিরিজ আছে, সেটা যদি না হয় এশিয়ান গেমস আছে, এরপর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ আছে, এরপর দক্ষিণ আফ্রিকা সফর ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। কেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হলে শরিফুলকে পুরো সেপ্টেম্বর মাসই খেলতে হবে, ৪টা ম্যাচ এই সময়ে। তাই আমরা ওকে কেন্টে খেলতে দিচ্ছি না।’
-ম্যাকাইতে অবসর সময় কাটাচ্ছে খালেদ
সাবেক এই অধিনায়ক আরও জানিয়েছেন, খালেদ আহমেদকে অনুমতি দেওয়া হয়েছে কেন্টের হয়ে খেলার, ‘খালেদের সাম্প্রতিক সময়ে ওয়ার্কলোড কম, সে আমাদের সব সংস্করণের নিয়মিত খেলোয়াড় নয়, তাই টেস্টের প্রস্তুতির জন্য তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। সে খেলবে কেন্টের হয়ে।’
হাসান মাহমুদকে অনাপত্তিপত্র দেওয়া আছে আগেই, তাই হাসানও খেলবেন কেন্টের হয়ে—যে দলের হয়ে মাত্র ২ ম্যাচেই ১২ উইকেট নিয়েছেন বাংলাদেশের ডারবান জয়ের নায়ক।







