তাসকিনের গতি মিরাজের ঘূর্ণিতে প্রথম সেশন বাংলাদেশের

বল হাতে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তাসকিন আহমেদ আর মেহেদী হাসান মিরাজ।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা যেভাবে শুরু করা উচিত ছিল, ঠিক সেভাবেই শুরু করেছে বাংলাদেশ। সকাল থেকেই মেঘলা আকাশ, পেসারদের জন্য স্বপ্নের কন্ডিশন। গতকাল শেষ বিকেলে ৬ ওভার ব্যাট করে ২১ রান তুলেছিল পাকিস্তান। আজ উইকেট পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। লাঞ্চের আগে অতিথিদের ৪ উইকেট তুলে নিয়েছেন তাসকিন আর মিরাজ।
রবিবার দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। আব্দুল্লাহ ফজলের (৯) ব্যাট ছুয়ে আসা বল বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে তালুবন্দি করেছেন লিটন দাস। আরেক ওপেনার আজান আওয়াইসকেও ফেরান তাসকিন। ঢাকা টেস্টের সেঞ্চুরিয়ান আজান ১৩ রান করে শর্ট লেগে ক্যাচ দেন। ২৬ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
এরপর অতিথিদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যর্থ করে দেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক শান মাসুদকে (২১) আউট করে ভাঙ্গলেন বাবরের ৩৮ রানের জুটি। পাকিস্তানের চতুর্থ উইকেটের পতনও ঘটান মিরাজ। সৌদ শাকিলকে তিনি এমনভাবে চেপে ধরেছিলেন যে, ২৮ বল খেলে বেচারা করেছেন মাত্র ৮ রান। চাপ কমাতে সুইপ করতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে লিটনের গ্লাভসে জমা পড়ে। মধ্যাহ্ন বিরতির আগে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। বাংলাদেশ এগিয়ে আছে ১৮২ রানে।





