আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সপ্তাহখানেক আগে মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। এবার এশিয়ান গেমসের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে বাধা ভারত। আজ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রতিবেশী দেশটি।
জাপানের করোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভারে জাপানি ব্যাটাররা সুবিধা করতে না পেরে মাত্র ৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হন। জবাবে জয়ের জন্য সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় মেয়েরা।
বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার পথটা ছিল কিছুটা ভিন্ন। কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় (বাংলাদেশ ১০ম, চীন ৩৬তম) সরাসরি শেষ চারে নাম লেখায় নিগার সুলতানার দল।
আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। এশিয়া কাপের সেমিফাইনালে আগে ব্যাট করে ভারত ১৪৯ রান তুলেছিল। জবাবে বাংলাদেশ ১০৯ রানে থেমে যায়। ৪০ রানের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের। ভারত পরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল।




