৪ উইকেট নিয়ে কেন্টের সেরা হাসান

সংগৃহীত ছবি
কাউন্টি ক্রিকেটে ফিরে প্রথম দিনে দুই বলে নিয়েছিলেন দুই উইকেট। কেন্টের হয়ে উরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে হাসান মাহমুদ নিলেন আরও দুই উইকেট। ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার তিনিই।
গতকাল উরচেস্টারশায়ারের ব্যাটিংয়ের সময় ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে পঞ্চম ও ষষ্ঠ বলে জ্যাক লিবি ও রেহান এদাভালাতকে ফেরান হাসান।
আজ ম্যাচের ৫১তম ওভারে তৃতীয় উইকেট শিকার করেন হাসান। ১৫ রান করা ম্যাথু হোয়াইটকে বোল্ড করেন এই ডানহাতি পেসার।
উরচেস্টারশায়ারের ইনিংসের ইতিও টানেন হাসান। শেষ ব্যাটার হিসেবে অ্যাডাম ফিঞ্চকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। উরচেস্টারশায়ার অলআউট হয় ২১৭ রানে।
১৮ ওভার বোলিং করে ৬৮ রানে ৪ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার হাসান, মেডেন নিয়েছেন ৫টি।
প্রথম ইনিংসে ২৩৮ রান করা কেন্ট ২১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে।





