সেঞ্চুরি করেও আক্ষেপ সাদমানের

সাদমানের সেঞ্চুরি না থাকলে বাংলাদেশের ইনিংস আড়াইশো পার করা কঠিন হতো। ছবি: মোশারফ হোসেন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরি করেও দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে আক্ষেপ ঝরেছে সাদমান ইসলামের কণ্ঠে। তার মতে, টপ অর্ডারের ব্যাটাররা আরও বড় ইনিংস খেলতে পারলে দলের সংগ্রহ ৪৫০ থেকে ৫০০ রান পর্যন্ত যেতে পারত। বিশেষ করে লিটন দাসের সঙ্গে জুটি বড় করতে না পারাকেই দেখছেন আক্ষেপের জায়গা হিসেবে।
নিজের পারফরম্যান্স ও দলের ব্যাটিং নিয়ে সাদমান বলেন, ‘আমি আর লিটন যখন ব্যাটিং করছিলাম, আমরা দুজন যদি কিছুক্ষণ খেলতে পারতাম, জুটিটা আরেকটু বড় করতে পারতাম, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতো। ওইখানে একটা ভুল হয়ে গেছে।’
মিরপুরের উইকেটে সকালের দিকে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ থাকলেও সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না এই বাঁহাতি ওপেনার। তাঁর মতে, উইকেট নিয়ে শুরু থেকেই বাড়তি কোনো চিন্তা ছিল না। পরিস্থিতি অনুযায়ী বল খেলার পরিকল্পনাতেই এগিয়েছেন তিনি।
সাদমানের ভাষায়, ‘আমাদের টপ অর্ডাররা যদি ১৫০, ১৭০ বা ২০০ করতে পারি, তাহলে হয়তো দলের রান ৪৫০-৫০০ হতো। আমাদের ভুল হয়ে গেছে। চেষ্টা থাকবে, পরবর্তীতে এমন পরিস্থিতি এলে ইনিংস বড় করা।’
সাম্প্রতিক সময়ে ইনিংস বড় করতে না পারার বিষয়টি নিয়েও কাজ করেছেন সাদমান। ফিটনেসের পাশাপাশি ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আশরাফুল ও সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছেন তিনি।
নিজের কাজের জায়গা সম্পর্কে পরিষ্কার সাদমান। সমালোচনা নিয়ে বেশি না ভেবে অনুশীলন ও পরিশ্রমে মনোযোগী থাকতে চান এই ওপেনার। তাঁর বিশ্বাস, ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করে গেলে ব্যাটিংয়ে আরও ভালো করা সম্ভব।



