রাষ্ট্রীয় মর্যাদায় গ্যারি সোবার্সের শেষ বিদায়

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অল-রাউন্ডার স্যার গ্যারিফিল্ড সোবার্সকে শেষ বিদায় জানাল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল বার্বাডোসের কেনসিংটন ওভালে আয়োজিত রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে সোবার্সের প্রতি সম্মান জানাতে এসেছিলেন তার সাবেক সতীর্থ ও কিংবদন্তি ক্রিকেটার স্যার ক্লাইভ লয়েড। এদিন লয়েড তাকে ‘সর্বকালের সেরা অলরাউন্ডার’ হিসেবে অভিহিত করেন।
গত ১৭ জুলাই ৯০তম জন্মদিনের ১১ দিন আগে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়েস্ট ইন্ডিজের এই মহাতারকা। ব্রাইটনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ায় বার্বাডোসের প্রেসিডেন্ট জেফরি বস্টিক, প্রধানমন্ত্রী মিয়া মোটলি এবং পপ তারকা রিহানাসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এ ছাড়া সদ্য সমাপ্ত ত্রিনিদাদ টেস্টে পাকিস্তানকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান অধিনায়ক রোস্টন চেজসহ বাকি খেলোয়াড়রাও শেষ শ্রদ্ধায় শরিক হন।
সোবার্সের কফিন বার্বাডোসের জাতীয় পতাকায় মুড়িয়ে ব্রাইটনের সংসদ ভবন থেকে গান ক্যারেজে করে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কেনসিংটন ওভালে নিয়ে যাওয়া হয়। স্টেডিয়ামে পৌঁছানোর পর ক্রিকেট ব্যাট উঁচিয়ে গার্ড অব অনার দিয়ে তাকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে কিংবদন্তি ব্রায়ান লারা বলেন, ‘এটি কোনো কান্নার মুহূর্ত নয়, এটি উদযাপন করার সময়। আজ আমরা সর্বকালের সেরা অল-রাউন্ডারের অসাধারণ জীবন সেলিব্রেট করছি। আমরা এমন একজন মানুষের জীবন উদযাপন করছি, যিনি তার পরিবার, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ এবং আমাদের সবাইকে অনেক কিছু দিয়ে গেছেন।’
স্যার ক্লাইভ লয়েড বলেছেন, ‘তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি ক্যারিবীয় জনগণের হৃদয়ে ও মনে বাস করতেন। তিনি বিশ্ব জুড়ে অসংখ্য মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন। স্যার গারফিল্ড সোবার্স শুধু তার প্রজন্মের অসামান্য ক্রিকেটারই ছিলেন না; তিনি সুন্দর এই খেলায় প্রতিভা, কল্পনা, সাহসিকতা এবং আনন্দের এক বিরল সমন্বয় নিয়ে এসেছিলেন। তিনি আমার দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার।’
বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোটলি তাকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে স্মরণ করে বলেন, ‘ক্রিকেটীয় কীর্তি ছাড়াও সোবার্স তার ব্যক্তিত্ব দিয়ে অমর হয়ে থাকবেন।’ এ ছাড়া ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পাঠানো একটি বিশেষ শোকবার্তাও অনুষ্ঠানে পাঠ করা হয়। বার্তায় লেখা ছিল, ‘খেলাধুলার ইতিহাস এমন সব চ্যাম্পিয়নদের দ্বারা সমৃদ্ধ হয়েছে, যাদের রেকর্ড প্রজন্ম থেকে প্রজন্মে টিকে আছে। তবে অতি অল্প কিছু নাম আছে, যেগুলো উচ্চারণ করলেই বার্বাডোস, ক্যারিবীয় অঞ্চল এবং কমনওয়েলথের মানুষের মুখে হাসি ফোটে। স্যার গারফিল্ড সোবার্স এই দ্বিতীয় ক্যাটাগরিতে পড়েন। এই গভীর দুঃখের সময়ে স্যার গ্যারির পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।’
১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ৯৩টি টেস্ট ম্যাচ খেলে ৮,০৩২ রান ও ২৩৫ উইকেট শিকার করেছিলেন সোবার্স। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে তার অপরাজিত ৩৬৫ রানের ইনিংসটি দীর্ঘ ৩৬ বছর টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড হিসেবে টিকে ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়া এই কিংবদন্তিকে উইজডেন বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে ভূষিত করেছিল। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বার্বাডোসের কোরাল রিজ মেমোরিয়াল গার্ডেন্সে চিরনিদ্রায় শায়িত করা হয় ক্রিকেটের এই বরপুত্রকে।









