মাথার আঘাতে অবহেলা
স্কুলের বিরুদ্ধে পুকোভস্কির মামলা

সংগৃহীত ছবি
বারবার কনকাশনে আক্রান্ত হয়ে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন তিনি। দেড় বছর পর নিজের এক পুরনো স্কুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইল পুকোভস্কি। মেলবোর্নের ব্রাইটন গ্রামার স্কুলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দা এজ’ জানিয়েছে, পুকোভস্কির ম্যানেজমেন্ট এই মামলার ব্যাপারে তাদের নিশ্চিত করেছেন। ভিক্টোরিয়ান সুপ্রিম কোর্টে এই মামলা করা হয়েছে।
২৮ বছর বয়সী পুকোভস্কির অভিযোগ, ২০১৪ সালে ফুটবল খেলার সময় তার মাথায় প্রথম গুরুতর আঘাত পাওয়ার ঘটনা স্কুল কর্তৃপক্ষ সঠিকভাবে সামাল দিতে পারেনি। চিকিৎসকদের পরামর্শে গত বছর ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে তিনি ১৩ বার কনকাশনে আক্রান্ত হন, যার মধ্যে ওই ঘটনাটি ছিল প্রথম।
১২ বছর আগে ফুটবল অনুশীলনের সময় দুর্ঘটনাবশত মাথায় অন্য একজনের হাঁটুর আঘাতে পুকোভস্কি অজ্ঞান হয়ে যান। সেই শুরু, এরপর ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ কয়েকবার কনকাশনের শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
শেষ পর্যন্ত কনকাশনের সঙ্গে লড়াইয়ে হার মানেন পুকোভস্কি। ২০২৫ সালের ৮ এপ্রিল ক্রিকেটকে বিদায় জানান তিনি।
বিদায় বলার প্রায় দেড় বছর পর আবারও আলোচনায় এলেন পুকোভস্কি। তবে তার এই মামলা নিয়ে এখনো ব্রাইটন গ্রামার স্কুলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।






