দুই বিভাগে র্যাংকিংয়ের শীর্ষে ইয়ানসেন

সংগৃহীত ছবি
ব্যাটে-বলে সময়টা দারুণ কাটছে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। আর এতেই সাদা পোশাকের বোলিং ও অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছেন এই পেসার।
টেস্টে বোলার ও অলরাউন্ডার, দুই বিভাগেই এক নম্বরে উঠে এসেছেন ইয়ানসেন। অন্যদিকে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন ভারতের অভিষেক শর্মা।
র্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে তিন সংস্করণের নয়টি বিভাগের মধ্যে শীর্ষস্থান বদলেছে শুধু এই তিনটিতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে ১০ উইকেট নিয়েছেন ইয়ানসেন, করেছেন ১৪৬ রানও। বিশেষ করে গেবেখায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।
প্রথম ইনিংসে আট নম্বরে নেমে ইয়ানসেন খেলেছেন ৮৫ রানের ইনিংস। এরপর বল হাতে মাত্র ৩৩ রান দিয়ে নেন ৫ উইকেট। তার বোলিং তোপেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৯ রানে।
এমন পারফরম্যান্সের পর টেস্ট বোলারদের র্যাংকিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়েছেন ইয়ানসেন। ৮৭৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন শীর্ষে। তাতে এক ধাপ করে পিছিয়ে গেছেন মিচেল স্টার্ক, ম্যাট হেনরি, ওলি রবিনসন ও বুমরাহ।
অলরাউন্ডারদের তালিকায় ৪৫১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ইয়ানসেন। তার পরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা, তার রেটিং পয়েন্ট ৪২২। দীর্ঘ চার বছর পর শীর্ষস্থান হারালেন জাদেজা।



