২০০ রানের লিড চান নাঈম

মিরপুর টেস্টে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিকরা বেশ চাপে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ায় উইন্ডিজের চেয়ে মাত্র ১০৬ রানে এগিয়ে বাংলাদেশ। দিনের খেলা শেষ হয়েছে ১৮ রানে দুই অপরাজিত ব্যাটার নিয়ে। এক প্রান্তে নাঈম হাসান, অন্য প্রান্তে জাকের আলী। দুজনের রানই ১৮।
সংবাদ সম্মেলনে নাঈম নিজের ও জাকেরের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন। তার মতে, ‘দেখেন, আসলে আমরা চেষ্টা করব যত বেশি রান নিতে পারি। আল্লাহর রহমতে এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি। আমরা যদি লম্বা সময় খেলতে পারি, আল্লাহ যদি চান, তাহলে যত বেশি রান নেব, ততই আমাদের জন্য ভালো। ২০০ রান হলে খুবই ভালো হবে। চেষ্টা থাকবে আরও বেশি করার।’
বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে কি না— এমন প্রশ্নেও আশাবাদী নাঈম, ‘ইনশাআল্লাহ আমরা যদি ভালো টার্গেট দিই, আল্লাহ চাইলে সবই সম্ভব।’
প্রতিপক্ষকে ১৫০ রানের মধ্যে আটকে রাখার সম্ভাবনা নিয়েও আত্মবিশ্বাসী তিনি, ‘আমাদের তো উইকেট আছে। আমরা ট্রাই তো করব যত বেশি পারি। আমরা যত বেশি রান করতে পারব, ততই আমাদের জন্য ভালো। আপনারা বিশ্বাস রাখেন, আমি আর জাকের ভাই যাতে বড় ইনিংস খেলতে পারি।’
জাকেরের এই সুযোগকে বড় কিছু করার সম্ভাবনা হিসেবেই দেখছেন নাঈম, ‘প্রতিদিন তো সবাই ভালো খেলে না। এবার সুযোগটা আমাদের কাছে আসছে। যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বড় দলগুলো এই জায়গা থেকে কামব্যাক করে। আমি আর জাকের ভাই চেষ্টা করব আমরা যেন কামব্যাক করতে পারি।’
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পেছনে দিনের শেষভাগের আলোক স্বল্পতার প্রভাবও দেখছেন নাঈম। এদিকে তৃতীয় দিনেই ক্যারিয়ারের ৫০তম টেস্ট উইকেট পেয়েছেন নাঈম। এই মাইলফলক পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ৯ বছর। নিয়মিত সুযোগ না পাওয়ার পেছনে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ওপর অধিনায়কদের বেশি আস্থার কথাও জানিয়েছেন তিনি, ‘অধিনায়ক দলের জন্য যেটা ভালো মনে করে, ওটাই করে। মিরাজ আর তাইজুল ভাইয়ের ওপর বিলিভটা বেশি। এখন যদি আমি সামনে এরকম পারফর্ম করতে থাকি, তাহলে আমার ওপরও বিলিভটা আসবে।’



