অবসর নেয়া খেলোয়াড়দের লিগেও সাকিব!

সংগৃহীত ছবি
সাকিব আল হাসান এখন খেলছেন শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে, জাফনা কিংসের হয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পাল্লেকেলেতে খেলতে নেমেছেন ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে। অথচ শুক্রবারেই তাকে নাকি দেখা যাবে আফ্রিকার জাম্বিয়ার লুসাকা শহরে, এশিয়ান লেজেন্ডস লিগের ম্যাচে! টুর্নামেন্টের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ অনুযায়ী সাকিবই দলটির অধিনায়ক। তাহলে কি ২৪ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ৬২৫০ কিলোমিটার দূরের অন্য শহরে গিয়ে খেলতে নামবেন সাকিব? নাকি তার উপস্থিতির প্রতিশ্রুতিটা বানোয়াট।
এশিয়ান লেজেন্ডস লিগ নামের টুর্নামেন্ট সম্পর্কে কোন ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীসের। খেলোয়াড় তালিকায় ধীমান ঘোষ, আবুল হাসান রাজু, অলক কাপালি, নাসির হোসেন, তাপস ঘোষদের নাম শুনে তিনি জানিয়েছেন, ‘ অবসর নিয়ে নিলে আমাদের কাছ থেকে আর কোন অনাপত্তিপত্রের প্রয়োজন নেই। ধীমান ঘোষ যেমন আমাদের (বিসিবি) এর প্রতিযোগিতাতেই খেলে না।‘ তবে সাকিবের নাম শুনে নাফীস বিস্মিত , ‘সাকিব তো এলপিএলে, শ্রীলঙ্কায়!’ বাংলাদেশ টাইগার্স নামের দলের খেলোয়াড় তালিকায় আল মামুন রাসেল,উত্তম কুমার সরকার, সাদেকুর রহমানরা কোন শ্রেণীর লেজেন্ডস সেটাও প্রশ্ন।
সূচী অনুযায়ী ৮ আগস্ট গ্রুপ পর্বে বাংলাদেশ টাইগার্সের শেষ খেলা আর ২ আগস্ট জাফনার শেষ গ্রুপ পর্বের ম্যাচ এলপিএলে। পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা জাফনার প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত। এলপিএলের ফাইনাল ৮ আগস্ট। তাই সাকিবকে কোথায় শেষ পর্যন্ত দেখা যাবে সেটাই প্রশ্ন।






