অভিষেকে ৬ উইকেটের কীর্তিতে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলেন বিয়ার্ডম্যান

সংগৃহীত ছবি
স্যান্ডপেপার কেলেঙ্কারিতে বিব্রত পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট। উসমান খাজার আত্মজীবনিতে এটা উঠে আসায় বল টেম্পারিং বিতর্ক ছড়িয়েছে নতুন করে। মাঠের বাইরে থেকে নজরটা এবার মাঠে ফেরালেন অস্ট্রেলিয়ান তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান। ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। তার তোপে পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড অলআউট ১৩১ রানে। জবাবে ১৫৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
অভাবনীয় এমন পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার মাহলি বিয়ার্ডম্যানের। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে তার বোলিংই সেরা। অস্ট্রেলিয়ার বর্তমান নির্বাচক টনি ডোডেমাইডের ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ২১ রানে ৫ উইকেট ছিল এতদিন তাদের সেরা।
আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে অভিষেকে বিয়ার্ডের চেয়ে ভালো বোলিং করেছেন মাত্র তিনজন। এই তালিকায় সবার ওপরে স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল। ২০২৪ সালে ওমানের বিপক্ষে ২১ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস।
এছাড়া বিয়ার্ডম্যান ৫ বা বেশি উইকেট নিয়েছেন ২১ বছর ২ মাস ১৩ দিন বয়সে। সেটাও অস্ট্রেলিয়ার রেকর্ড। দেশটির হয়ে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ হিসেবে ৫ উইকেট নেওয়ার আগের কীর্তিটা ছিল কুপার কনোলির।
বিয়ার্ডম্যান নিজের প্রথম ৪.৪ ওভারেই নিয়েছিলেন ৫ উইকেট, যা ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জার্সিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড। ছেলেদের ওয়ানডেতে অভিষেকে এটা তৃতীয় দ্রুততম ৫ উইকেট নেওয়ার কীর্তি।
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের যোগ্য উত্তরসূরি পাওয়ায় খুশি অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ , ‘আজ রাতে আমাদের বিগ থ্রির (স্টার্ক, কামিন্স ও হ্যাজলউড) হয়তো নির্ঘুম রাত কাটবে। দেশের বিভিন্ন প্রান্তে অসাধারণ সব প্রতিভা আছে। প্রচুর ফাস্ট বোলিং প্রতিভা উঠে আসছে এখন।’
ধারাভাষ্যে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার বলেন, ‘অসাধারণ খেলছে বিয়ার্ডম্যান। ওকে নিয়ে অনেক দিন কথা বলব আমরা।’
২০০৫ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডুনসবরোয় জন্ম নেওয়া বিয়ার্ডম্যান বেড়ে উঠেছেন মিচেল জনসনের বোলিং অ্যাকশনের অনুসরণ করে। ডানহাতি এই পেসার পরিণত হয়েছেন অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ডেনিস লিলির তত্ত্বাবধানে। ২০২৪ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করে চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন ৬ ফুট ২ ইঞ্চির বিয়ার্ডম্যান। সেই বিশ্বকাপের ফাইনালে ১৫ রানে ৩ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এবার ওয়ানডে অভিষেকে ম্যাচসেরার পুরস্কার নিয়ে বললেন,‘ সবকিছু খুব দ্রুত ঘটে গেল। একটু স্নায়ুর চাপেও ছিলাম। দেশের প্রতিনিধিত্ব করতে পারা সৌভাগ্য ও সম্মানের। মাঠে নেমে কয়েকটি উইকেট নিতে পারলে তো কথাই নেই।’



