এপিএলের ড্রাফটে সাকিব-মুশফিকসহ ৮ বাংলাদেশি

সংগৃহীত ছবি
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নিবন্ধন করেছেন বাংলাদেশের আট ক্রিকেটার। সব মিলিয়ে ড্রাফটে নাম লিখিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারেরও বেশি ক্রিকেটার।
বাংলাদেশের আট ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।
ড্রাফটে নিবন্ধন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের গুড়াকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফের পাশাপাশি রয়েছেন ইংল্যান্ডের লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স। শ্রীলঙ্কা থেকে নাম লিখিয়েছেন চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট। শুরুতে ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা স্থগিত করা হয়। এপিএলের দ্বিতীয় আসর মাঠে গড়ানোর কথা আগামী ২৭ ডিসেম্বর।
টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা এরই মধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুই দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পিছিয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



