শেষ দিনে ইনিংস হারের শঙ্কা

ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে এখনো ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে আছে মাত্র ৫ উইকেট। লিটন দাস ১২ আর মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত। আলোর স্বল্পতায় প্রায় ৮০ মিনিট আগেই শেষ হয়েছে দিনের খেলা।
জোহানেসবার্গ টেস্টে বিশ্ব রেকর্ড করেছেন লিটন দাস। এক টেস্টে তার ৮ ডিসমিসাল, অর্থাৎ প্রথম ইনিংসে আউট হওয়া দক্ষিণ আফ্রিকার ১০ জনের ভেতর ৮ জনের বিদায়েই কোনো না কোনোভাবে লিটন দায়ী। ছয়জনের ক্যাচ ধরেছেন, দুজনের স্টাম্প ভেঙেছেন। অসামান্য কৃতিত্ব। তবে বাস্তবতা হচ্ছে লিটনের এই কীর্তিতে দলের ভাগ্যে সামান্যই প্রভাব পড়েছে। বরং স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কাগিসো রাবাদার ক্যাচটি ৩৮ রানে ছাড়ায় প্রতিপক্ষের অন্তত ৫০টি রান বেশি হয়েছে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ আরও চারটি টেস্ট খেলেছে, কিন্তু জয় নেই একটিতেও। তবে এই চার টেস্টে হয়েছে বেশ কিছু ব্যক্তিগত অর্জন, যদিও দলের ফলে এসব অর্জনের অবদান সামান্যই।
লিটন ভেঙেছেন অনেকের যৌথভাবে দখলে থাকা ৭ ডিসমিসালের রেকর্ড। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের উইকেটকিপার ইয়ান স্মিথ ৭টি ক্যাচ নিয়েছিলেন। পাকিস্তানের ওয়াসিম বারি, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস, জশুয়া দা সিলভা, ইংল্যান্ডের বব টেলর; এই পাঁচজনই সাতে এসে আটকে গেছে। লিটন সাতে-পাঁচে না থেকে একেবারে ছয়ে-আটে চলে গেছেন, ষষ্ঠ উইকেটকিপার হিসেবে ৭ ডিসমিসালের পর প্রথম হিসেবে অষ্টম ডিসমিসাল করলেন। সংখ্যার বিবেচনায় দারুণ অর্জন, কোনো সন্দেহ নেই। তবে সাফল্যের মানদণ্ডে মাঝারি। যেমন কাগিসো রাবাদাকে স্টাম্পড করার আগের দুটো বলেই মেহেদী মিরাজ ছক্কা হজম করেছেন, তৃতীয় ছক্কা মেরে তখন দ্রুত রান তোলার প্রচেষ্টায় ব্যস্ত থাকা রাবাদা আরও একবার বেরিয়েছেন ক্রিজের বাইরে। সেই সুযোগে স্টাম্প ভেঙেছেন লিটন।
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারাবার পর চার টেস্ট খেলেছে বাংলাদেশ। ম্যাকে, আবুধাবি, ঢাকা আর সিলেটের পর চলছে জোহানেসবার্গে। আবুধাবিতে, আফগানদের বিপক্ষে লিটন দুই ইনিংস মিলিয়ে ৮টি ক্যাচ নিয়েছেন, ব্যাট হাতে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি করেছেন দুই ইনিংসেই। কিন্তু তাইজুল ইসলামের বলে সেদিকুল্লাহ আতালের স্টাম্পিং মিস করেছেন, যখন আতালের রান ছিল ৭০। সেই আতাল ৩৩২ বল টিকে ১১১ রান করে যখন আউট হয়েছেন, তখন আফগানিস্তানের ড্র প্রায় নিশ্চিত।
ঢাকা টেস্টে সেঞ্চুরি করলেন সাদমান ইসলাম, সিলেটে তাওহীদ হৃদয় করেছেন ডাবল সেঞ্চুরি। জোহানেসবার্গেও হৃদয় সেঞ্চুরি করেছেন, লিটনও সেঞ্চুরির দেখা পেয়ে মেয়ের জন্মদিনে উৎসর্গ করেছেন। কিন্তু বাংলাদেশকে জেতাতে পারছে না এমন বিচ্ছিন্ন ব্যক্তিগত পারফরম্যান্স। কেউ ক্যাচ ছাড়ছেন, কেউ নির্বিষ বোলিং করছেন। প্রতিপক্ষের এমন খেলোয়াড়রা ভালো পারফর্ম করছে, যাদের নিয়ে কোনো ভাবনাই ছিল না! কাগিসো রাবাদা বল হাতে ৫ উইকেট নিতেই পারেন, তাই বলে ব্যাটিংয়ে ১০-এ নেমে ক্যারিয়ারসেরা ৭২ রান করে ফেলবেন! বাংলাদেশের বিপক্ষে এমনই হয়, ডাবল সেঞ্চুরি করে ফেলেন জেসন গিলেস্পিও। নবম উইকেট জুটিতে ১১৭ রান হলো, অথচ ৭ উইকেট তুলে নেওয়ার পর লিড নেওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ।
এভাবেই কখনো ক্যাচ মিসের খেসারত, কখনো নির্বিষ বোলিং, কখনো ভুল একাদশ বাছাই; কারণ বদলেছে কিন্তু ভাগ্য বদলাচ্ছে না বাংলাদেশের।



