আবুধাবি টেস্ট
ম্যাচ জিততে না পারার কারণ জানালেন লিটন

সংগৃহীত ছবি
আবুধাবির প্রচণ্ড গরমে আফগানিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের শেষদিকে আফগান ব্যাটারদের দৃঢ়তায় জয় পাওয়া হয়নি টাইগারদের। ম্যাচ শেষে নিজেদের আক্ষেপের কথা জানিয়েছেন লিটন দাস।
লিটনের মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক থাকলেও আফগানিস্তানের চার ও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটারদের পারফরম্যান্স ম্যাচের চিত্র বদলে দিয়েছে, ‘আমরা অবশ্যই জিততে চেয়েছিলাম। তবে আফগানিস্তান খুব ভালো খেলেছে। তাদের চার ও পাঁচ নম্বর ব্যাটার যেভাবে ব্যাটিং করেছে তাতে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।’
নিজের ব্যাটিং নিয়েও কথা বলেছেন বাংলাদেশের এই ব্যাটার। প্রথম ইনিংসে সুযোগ কাজে লাগাতে না পারলেও দ্বিতীয় ইনিংসে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি, ‘প্রতিদিন বড় ইনিংস খেলার সুযোগ আসে না। তাই দ্বিতীয় ইনিংসে পাওয়া সুযোগটি কাজে লাগানো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।‘
আবহাওয়ার চ্যালেঞ্জ প্রসঙ্গে লিটন জানান, তীব্র গরমে মনোযোগ ধরে রেখে নিজের শক্তি বুঝে ব্যাটিং করেছেন তিনি। নেটে ভালো অনুশীলন এবং শুরুতে কিছু রান পাওয়ায় পরে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছেন বলেও জানান এই ব্যাটার।



