১৪০ রানেই শেষ বাংলাদেশ

সংগৃহীত ছবি
কে বলবে, এই দলটিই ঘরের মাঠে পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়েছে! বোলিং আক্রমণে না হয় কিছু বদল এসেছে, ব্যাটিং অর্ডারে শীর্ষ ৫ তো প্রায় একই রকমই আছে। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম; প্রত্যেকেই তো টেস্ট দলে নিয়মিত এবং শেষের তিনটি নামের পাশে অভিজ্ঞতার যে ফলক তার ওজন অনেক ভারী! তারপরও কি না বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৪০ রানে? ২ উইকেটে ১১০ রান থেকে ১৪০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ, শেষ ৮ উইকেটের পতন হয়েছে মাত্র ২৭ রানে।
টস জিতে বোলিং নেয় জিম্বাবুয়ে। এই ম্যাচেই টেস্ট অভিষেক হয়েছে তাওহীদ হৃদয় ও অমিত হাসানের। ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান জয়ের ১৭ বলে ২ সংগ্রামী ইনিংসের সমাপ্তির পর সাদমান ও মুমিনুল হকের জুটিটা ভালোই জমেছিল। সাদমান আউট হওয়ার পর শান্ত ব্যাটিংয়ে নেমে সঙ্গ দিচ্ছিলেন মুমিনুলকে। ব্যক্তিগত ৬০ রান করে মুমিনুল আউট হতেই লাগল মড়ক, একেকজন ব্যাটার এলেন আর গেলেন। নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভানসাই যেন একেকজন ব্রেট লি, শোয়েব আখতার আর ওয়াসিম আকরাম! অভিষেক ইনিংসে হৃদয় করেছেন ৩ আর অমিত করেছেন ৪ রান। এই টেস্টটা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে, তাই নিয়মিত দলের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। তবে যে উইকেটে ১৪০ রানে অলআউট বাংলাদেশ, সেখানেই ওয়ানডে ধাঁচে ব্যাট করে প্রথম দিনেই বাংলাদেশের সংগ্রহ প্রায় ছুঁয়ে ফেলেছে জিম্বাবুয়ে। প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১৩৬ রান।




