আইপিএলের বিতর্কিত আইন থাকছে আগামী আসরেও

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বহুল আলোচিত ও বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আইনটি আগামী আইপিএল ২০২৭ মৌসুমেও বহাল থাকছে। ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে তাদের নিলামের দল গঠন এবং দলবদলের (ট্রেডিং) কৌশল বাস্তবায়নে নিয়মটির ধারাবাহিকতা ধরে রেখে পরিকল্পনা সাজাচ্ছে।
‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, আইপিএল গভর্নিং কাউন্সিল ১০টি ফ্র্যাঞ্চাইজিকে এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত না জানালেও আগামী মৌসুমে এই নিয়ম থাকছে বলেই ধরে নিয়েছে দলগুলো। মিনি নিলামকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো অতিরিক্ত ব্যাটার বা বোলারের যে সুবিধা এতদিন পেয়ে আসছিল, তা মাথায় রেখেই দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে।
তাই এ পর্যায়ে এসে হঠাৎ নিয়মটি বাতিল করা হলে যেসব দল অতিরিক্ত ব্যাটার বা বোলার নির্ভর কৌশল তৈরি করেছে, তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। আইপিএলের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আগামী আসরটিই হবে মেগা নিলামের আগের শেষ মৌসুম। এই মুহূর্তে নিয়মে কোনো ধরনের পরিবর্তন আনা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য অনেক দেরি হয়ে যাবে। তাই কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।’
আরেকটি ফ্র্যাঞ্চাইজির একজন কর্মকর্তা জানান, অন্তত ৪টি দল আইপিএল কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই মুহূর্তে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল করা হলে তা তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ২০২৩ সালের আইপিএলে প্রথম চালু হওয়া এই নিয়মে ১১ জনের জায়গায় কার্যকরভাবে ১২ জন খেলোয়াড় ব্যবহারের সুযোগ পায় দলগুলো। ম্যাচের টসের সময় দলের একাদশের সঙ্গে ৫ জন বিকল্প খেলোয়াড়ের নাম জমা দিতে হয়। ম্যাচের যেকোনো মুহূর্তে একাদশের যেকোনো খেলোয়ারের বদলি হিসেবে একজন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ মাঠে নামানো যায়। যিনি নামবেন, তিনি ম্যাচে স্বাভাবিক খেলোয়াড়ের মতো ব্যাটিং ও বোলিং—দুটোই করতে পারেন। আর যিনি মাঠ ছাড়বেন তিনি ওই ম্যাচে আর কোনো ভূমিকা রাখতে পারেন না।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি চালুর পর থেকেই খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বিশ্লেষকদের তোপের মুখে পড়েছে। সমালোচকেরা বলছেন,বাড়তি একজন বিশেষজ্ঞ ব্যাটার বা বোলার নামানোর সুযোগ থাকায় অলরাউন্ডারদের ওপর নির্ভরতা কমে গেছে। ব্যাটিং গভীরতা বাড়ানোর সুযোগ থাকায় ব্যাটাররা শুরু থেকেই কোনো ভয় ছাড়া চার-ছক্কা হাঁকানোর স্বাধীনতা পাচ্ছেন। ফলে বোলারদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং ব্যাটে-বলের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এতসব বিতর্ক সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধার কথা চিন্তা করে আইপিএলের আগামী মৌসুমেও নিয়মটি রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এমনটাই জানাচ্ছে ‘হিন্দুস্থান টাইমস’।





