৬১ ম্যাচে ৬২ গোল
চ্যাম্পিয়নস লিগে হলান্ডের অনন্য রেকর্ড

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে গোল করার ক্ষেত্রে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। টুর্নামেন্টের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় আর কোনো খেলোয়াড়ের এমন কীর্তি নেই। ৬১ ম্যাচে অবিশ্বাস্য ৬২ গোল করার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতাদের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ম্যাচের সংখ্যার চেয়ে বেশি গোল করার অসামান্য রেকর্ড গড়েছেন তিনি।
গতকাল বুধবার আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের ৭৮তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন হলান্ড। হলান্ডের এই অভাবনীয় রেকর্ডের পরিসংখ্যান আরও চমকপ্রদ। তিনি ৩টি ভিন্ন ক্লাবের হয়ে এই গোলগুলো করেছেন। এর মধ্যে সালজবুর্গের হয়ে ৬ ম্যাচে ৮টি, বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৩ ম্যাচে ১৫টি এবং ম্যান সিটির জার্সিতে ৪২ ম্যাচে করেছেন ৩৯ গোল।
এর আগেও চ্যাম্পিয়নস লিগের দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র ৪৯ ম্যাচে ৫০ গোল এবং এরপর মাত্র ৬০ ম্যাচে ৬০ গোল করার রেকর্ড নিজের নামের পাশে লিখিয়েছিলেন হলান্ড। ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে তার গোল করার এই অতিমানবীয় ধারাবাহিকতাই তাকে বর্তমান প্রজন্মের সবচেয়ে ভয়ংকর ও অপ্রতিরোধ্য স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
চলতি মৌসুমে ইতোমধ্যেই ১৩ গোল করা হলান্ড গতকালের ম্যাচের পুরোটা সময় সতীর্থদের থেকে খুব একটা সহায়তা পাননি। তবে যতটা পেয়েছেন, সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছেন। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স এবং দলের জয় নিয়ে বলেন, ‘আমি ম্যাচে কতগুলো টাচ পেয়েছি তা নিয়ে একেবারেই নিশ্চিত নই, তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমি দলকে জেতাতে পেরেছি।’




