সিলেট টেস্ট
অভিষেকে ফিফটি করা কে এই উইকহ্যাম?

সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে অভিষেক হয়েছে ক্যারিবিয়ান তরুণ কেভিন উইকহ্যামের। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই খেলেছেন ১৪৫ বলে ৬১ রানের ইনিংস। ৮৬ বলে ফিফটির পর পুরো ইনিংসে হাঁকিয়েছেন মাত্র ৫টি বাউন্ডারি। টেস্ট মেজাজের এই ব্যাটার সম্পর্কে তাই আগ্রহ জেগেছে ক্রিকেটাঙ্গনে।
ওয়েস্ট ইন্ডিজের ৩৪৯তম টেস্ট ক্রিকেটার উইকহ্যাম কিন্তু ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফর্মার। বার্বাডোজের এই ব্যাটার গত এপ্রিল–মে মাসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। তার ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। সব মিলিয়ে এ প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো রেকর্ড উইকহ্যামের। ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিতে করেছেন ১৪৭২ রান। ব্যাটিং গড় ৪০.৮৮। সিলেট টেস্টেও তিনি দেখালেন নিজের ব্যাটিং কারিশমা। ২৭ রানে ৩ উইকেট হারানোর পর আমির জাঙ্গুকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ২৫১ বলে ১৩১ রানের দারুণ এক জুটি। উইকহ্যাম সেঞ্চুরি না পেলেও তাদের এই জুটিতেই ঘুরে দাঁড়ায় উইন্ডিজ।




