অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
মালয়েশিয়াকে গুঁড়িয়ে সেমিতে বাংলাদেশ

সংগৃহীত ছবি
সমীকরণটা ছিল সহজ। শেষ ম্যাচে মালয়েশিয়াকে হারালেই নিশ্চিত হবে সেমিফাইনাল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষটা দারুণভাবেই করল বাংলাদেশ দল। আহসান আল মুমিনের দুর্দান্ত এক সেঞ্চুরি ও তাইফুল তামিমের ৭ উইকেট নেওয়ার সুবাদে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশার ব্যবধানে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা।
গ্রুপ ‘বি’-এর ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলেছিল বাংলাদেশ। দলের মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে আহসান আল মুমিনের ব্যাট থেকে।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৪১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।
এরপর একপ্রান্ত আগলে রেখে ইনিংস মেরামতের দায়িত্ব নেন আহসান আল মুমিন। তাকে সঙ্গ দেন অধিনায়ক ফরিদ হাসান ও অল রাফি। ফরিদের ব্যাট থেকে আসে ১৭ রান, আর রাফি করেন ২১ রান।
১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুমিন। বাংলাদেশের মোট ৩০৩ রানের মধ্যে একাই করেছেন ৫০ শতাংশের বেশি।
শেষ দিকে দ্রুত রান তুলে দলের সংগ্রহ আরও সমৃদ্ধ করেন ফারহান সাদিক। মাত্র ৭ বলে ১৬ রান করেন তিনি, যেখানে ছিল দুটি ছক্কা। এ ছাড়া রোবিউল হাসান অনিকের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৫ রান, তিনি মারেন ছয়টি চার।
মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারন, সাইহির আসরাফ ও অলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন আররিয়ান ইস্কান্দার ও মুহাম্মদ নুরহানিফ।
জবাবে ৩০ ওভার ৫ বলে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে কখনোই লড়াইয়ের আভাস দিতে পারেনি তারা। তিনি একাই নিয়েছেন ১৮ রানে ৭ উইকেট।



