চা-বিরতিতে বাংলাদেশ ১৭৭/৩

ছবি: মোশারফ হোসেন ভুবন
সাদমান ইসলাম ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিনের দ্বিতীয় সেশনে একটির বেশি উইকেট হারায়নি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে দুই টেস্ট এর সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। চা-বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। সাদমান ৭৯ রানে অপরাজিত, সঙ্গী তাওহীদ হৃদয় ব্যাট করছেন ৩৬ রানে।
মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন মমিনুল হক। বিরতির পর খেলা শুরুর খানিক বাদেই সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুটো উইকেটই পেয়েছেন বামহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। বাংলাদেশের ক্রিকেট দর্শনে বামহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বামহাতি স্পিনারদের বোলিংয়ে আনা হয় না, অজুহাত দেয়া হয় 'ম্যাচ-আপ' এর। অথচ ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বেশি যে ধরণের বোলিং খেলেছেন মমিনুল-শান্তরা, সেই বামহাতি স্পিনারের বলেই উইকেট দিলেন এই দুইজন। মমিনুল উইকেট ছেড়ে বের হয়ে এসে মিড অফের উপর দিয়ে বল বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন, পারেননি। ধরা পড়ে গেছেন শামার জোসেফ এর হাতে।
শান্ত সুইপ করতে গিয়েছিলেন, বলের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে বল মিস করেছেন আর প্যাডে লাগে বল। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ আর বল ট্র্যাকিং দেখে সিদ্ধান্ত বদলের নির্দেশ দেন টিভি আম্পায়ার।
অন্যপ্রান্তে উইকেট পতন হয়েছে নিয়মিত বিরতিতে, তবে অন্যপ্রান্তে অবিচল ছিলেন সাদমান ইসলাম। বাংলাদেশে প্রতিভাবান মানেই চোখধাঁধানো কভার ড্রাইভ কিংবা দৃষ্টিনন্দন পুল, হুক। তবে প্রতিভার ঝলকের ২০ রানের চেয়ে পরিশ্রমী ব্যাটিংয়ে, উইকেটে পড়ে থেকে বিরক্তি উদ্রেককারী ৮০ রানের ইনিংসটা যে দলের জন্য বেশি উপকারী, সেটা বোঝার মত মানুষ বোধহয় কম। সাদমানের ৭৯ রানের ইনিংসে চারের মার আটটি, খেলেছেন ১৬৭ বল। পরের সেশনে এই ইনিংসটাকে আরো বড় করলেই পূর্ণতা পাবে তার অধ্যবসায়।



