ঢাকা টেস্ট
পানি টানছেন মুশফিকুর রহিম

ঢাকা টেস্টের প্রথম দিনে পানি টানছেন মুশফিক। ছবি: মোশারফ হোসেন ভুবন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় দেখা গেল মুশফিকুর রহিমকে। অভিজ্ঞ এই তারকা গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন। তবে পরীক্ষা নিরীক্ষার পর তার খেলার কথা জানিয়েছিল বিসিবি। তবে আজ বুধবার সকালে শুরু হওয়া টেস্টের একাদশে তার নাম নেই। মুশির জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।
প্রথম বাংলাদেশি হিসেবে শতাধিক টেস্ট খেলা এই তারকা ডান হাতের তর্জনীতে চোট পেয়েছেন। গতকাল এক্স–রেতে গুরুতর কিছু না পাওয়ায় তাঁর খেলার সম্ভাবনা ছিল। কিন্তু আজ সকাল অবধি আঙুলের যথেষ্ট উন্নতি না হওয়ায় তাঁকে আর একাদশে রাখা হয়নি। আজ এক ভিডিওবার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, মুশফিকের সুস্থ হতে তিন দিন লাগবে। তিনি সিলেট টেস্টে খেলবেন।
বায়েজিদুলের ভাষায়, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’
আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সে পর্যন্ত হয়তো আঙুলে ব্যান্ডেজ বেঁধে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকাতেই দেখা যাবে বিখ্যাত পঞ্চপাণ্ডবের এক পাণ্ডবকে। ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ কিছুটা চাপে আছে। ১২৩ রান তুলতে হারিয়েছে ৩ উইকেট ফিরেছেন তানজিদ হাসান (৭), মুমিনুল হক (২৮) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৯)।




