এখনো ৫০ ওভার ব্যাটিং করাটাই স্বপ্ন!

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিল ১৯৮৬ সালে, সেই হিসাবে এ সংস্করণে বাংলাদেশ দল পার করে ফেলেছে ৪০ বছর। এই দীর্ঘ যাত্রায় বাংলাদেশ খেলেছে ৪৬৯টি ওয়ানডে, জিতেছে ১৭০টি ম্যাচ। অভিজ্ঞতার ঝুলি একেবারে খালি নয়। তবুও ২০২৬ সালে এসে ওয়ানডেতে ৫০ ওভার ব্যাটিং করাটাই যেন হয়ে উঠেছে হিমালয় লঙ্ঘনের মতোই কঠিন। এ বছর বাংলাদেশ খেলেছে ১৪টি ওয়ানডে, জিতেছে ৭টি আর হেরেছে ৭টি। এই ১৪ ম্যাচের ভেতর বাংলাদেশ পরে ব্যাটিং করেছে ৯ ম্যাচে, রানতাড়ায় জিতেছে ৩ ম্যাচ। ৬ ম্যাচে বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি।
২০২৬ সালের পরিসংখ্যান বলছে, ১৪ ওয়ানডের ভেতর বাংলাদেশ ৭ ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েও করতে পারেনি। শতাংশের হিসাবে যা ৫০ শতাংশ, অর্থাৎ মোট ম্যাচ সংখ্যার অর্ধেক। ২০২৫ সালের ম্যাচগুলো পর্যবেক্ষণ করলেও দেখা যায়, ৭ ম্যাচে আগে ব্যাটিং করে মাত্র ৩ ম্যাচে বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাট করেছে আর বাকি ৪ ম্যাচে অলআউট হয়ে গেছে ৫০ ওভার শেষ হওয়ার আগেই। পরে ব্যাটিংয়ের ক্ষেত্রে পরিসংখ্যানটা আরও ভয়াবহ। ২০২৫ সালে রান তাড়া করে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ, কোনো ইনিংসেই দলীয় রান ২০০-এর বেশি হয়নি। শুধু তাই নয়, পরে ব্যাটিং করে সবচেয়ে লম্বা ইনিংসটা ছিল ৩৯.৪ ওভার স্থায়ী অর্থাৎ নির্ধারিত ওভারের চেয়ে ১০ ওভার ২ বল কম খেলেছে বাংলাদেশ আর সবচেয়ে ছোট অর্থাৎ কম ২৭.১ ওভার খেলে অলআউট হয়েছে আফগানিস্তানের বিপক্ষে, যেটা বলা যায় ম্যাচের অর্ধেক ওভার বাকি রেখে।
দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে-নামিবিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা সামান্যই। কারণ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের অতীত রেকর্ড।
২০০২ সালে প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ, সবশেষ গেছে ২০২২ সালে। এই সময়ে দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের ১২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, জিতেছে মাত্র দুই ম্যাচে। এর ভেতর পরে ব্যাটিং করে রান তাড়া করে জিতেছে মাত্র এক ম্যাচ, এ ছাড়া বাকি ১১ ম্যাচের ভেতর ৭ ম্যাচে পরে ব্যাটিং করে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। আগে ব্যাটিং করে চারবার ৫০ ওভার পুরো ব্যাটিং করেছে বাংলাদেশ, এর ভেতর তিন ম্যাচেই হার। যে চার ম্যাচে বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাট করেছে, তার প্রথমটি ২০০২ সালে, যখন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের জগতে শিশু। পরের ২০ বছরে ছবিটা খুব একটা বদলায়নি। এখনো পুরো ৫০ ওভার ব্যাটিং করাটাই স্বপ্ন, ওয়ানডের সাবেক অধিনায়ক এবং বর্তমানে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিয়নে সংবাদ সম্মেলনে সেই পুরনো সুরেরই প্রতিধ্বনি, ‘৫০ ওভার ব্যাটিং করতে না পারার যে বিষয়টি বললেন, এটা নিয়ে অবশ্যই আমাদের আলোচনা হয়। তবে ভালো খেলতে চাইলে, জিততে চাইলে ৫০ ওভার ব্যাটিং করতেই হবে।’ দলের প্রধান কোচ ফিল সিমন্সের কণ্ঠেও ত্রিদেশীয় সিরিজে হারের পর ছিল ৫০ ওভার ব্যাটিং করতে না পারার আক্ষেপ। অথচ এ সময়ে এসে ভালো দলগুলোর জন্য ৫০ ওভারও যেন কম পড়ে যাচ্ছে!
বাংলাদেশের চেয়ে ওয়ানডে র্যাংকিংয়ে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে খেলতে হলে উতরে আসতে হবে বাছাই পর্ব। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো ম্যাচেই তারা অলআউট হয়নি।
ওয়ানডে ক্রিকেটে নিরাপদ দলীয় সংগ্রহের সীমানা সাড়ে তিনশ ছাড়িয়ে চারশতে পৌঁছে গেছে আর বাংলাদেশ আটকে আছে পুরো ৫০ ওভার ব্যাটিং করে সম্মানজনক সংগ্রহের বৃত্তেই।



