দাপুটে পারফরম্যান্সে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

সংগৃহীত ছবি
সিরিজের তৃতীয় ম্যাচেও মালয়েশিয়াকে ২৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
টস জিতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুরু থেকেই রানের গতি ধরে রেখে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় তারা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩।
দলের হয়ে ব্যাট হাতে দারুণ ছিলেন আদিল বিন সিদ্দিক। ১১১ বলের ইনিংসে ১৪টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ১৩৫ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। তার ব্যাটেই মূলত বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ।
আদিলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন খালিদ হাসান। ৮৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৩ রান করেন তিনি। এরপর দ্রুত রান তুলে দলের স্কোর আরও বাড়িয়ে দেন জাওয়াদ আবরার। মাত্র ৩২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ব্যাটার।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে নড়বড়ে হয়ে পড়ে মালয়েশিয়ার ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ৩১.৪ ওভারেই গুটিয়ে যায় ১৩২ রানে।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক সৈয়দ আজিজ। প্রাশান্ত মাধুকর ১৮ রানে অপরাজিত থাকেন। নাজমুস সাকিব করেন ১৬ রান।






