জানুয়ারিতে হবে বাংলাদেশ-ভারত সিরিজ?

সংগৃহীত ছবি
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে এবার জানা গেল, সেই সফর হতে পারে ২০২৭ সালের জানুয়ারিতে। ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে।
বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বিসিবি। সেই সূত্র বলছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে।’
শুরুতে ভারতের বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। পরে সেটি পিছিয়ে আসে ২০২৬ সালের সেপ্টেম্বরে। এই বছর জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, বাংলাদেশ সফরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলবে। ঢাকায় ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল সিরিজের ম্যাচগুলো।
পরবর্তীতে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া, বাংলাদেশের বিশ্বকাপ বয়কটসহ বেশ কিছু কারণে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। এতে বাংলাদেশ-ভারত সিরিজ আবারও হুমকিতে পড়ে।
তবে এই সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই। এএনআই তাদের প্রতিবেদনে আরও বলছে, তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে উন্নতির ইঙ্গিত মিলেছে। চলতি মাসের শুরুতে ভারত সফর করেন তামিম। এ সময় তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সও ঘুরে দেখেছেন বলে জানা গেছে।







