আবারও র্যাংকিংয়ে হৃদয়ের বড় লাফ

সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেই ডাবল সেঞ্চুরির পর র্যাংকিংয়ে অবিশ্বাস্য এক লাফ দিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরির পর আবারও অনেক এগিয়ে গেলেন তাওহীদ হৃদয়। মাত্র ৪ টেস্ট খেলেই আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন তিনি। সর্বশেষ হালনাগাদে হৃদয়ের উত্থান হয়েছে ২৮ ধাপ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান হৃদয়। ১৩৭ রানের দারুণ লড়াকু এক ইনিংসে ২৮ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন তিনি।
এ ছাড়া সেঞ্চুরি হাঁকানো আরেক ব্যাটার লিটন দাসেরও উন্নতি হয়েছে। ১২০ রানের ইনিংসে ৯ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে লিটনই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন। এরপরই আছেন হৃদয়। ৩ ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শীর্ষ পঞ্চাশে নেই আর কোনো বাংলাদেশি। ১৮ ধাপ পিছিয়ে সাবেক অধিনায়ক মুমিনুল হক আছেন ৫৬ নম্বরে।
বোলারদের মধ্যে শীর্ষ বিশে বাংলাদেশি কেউ নেই। ৩ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ, তার অবস্থান ২৯তম। দক্ষিণ আফ্রিকায় ম্যাচ না খেলা তাইজুল ইসলাম ২ ধাপ পিছিয়ে ৩০তম। টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে মিরাজ আছেন ৪ নম্বরে।



