ভালো খেলেছে অনূর্ধ্ব-২৩ দল, চ্যাম্পিয়ন হয়েছে যুব দল

সংগৃহীত ছবি
বিসিবি গেম ডেভেলপমেন্ট কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও ১৯ দল। দুই দলের লড়াইয়ে বেশ ভালো অবস্থানেই ছিল বড়রা। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার পাল্লা তাদের দিকেই ভারি ছিল। কিন্তু বৃষ্টির বাগড়ায় খেলা আর পূর্ণ হলো না। তাই বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের বাইলজ মেনে পয়েন্ট তালিকায় এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে যুব দল।
ম্যাচে আগে ব্যাটে করে ২৪৫ রান করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। একাধিকবার বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত যুব দল ১৭.২ ওভারে ৫ উইকেটে তোলে ৯৯ রান।
অনূর্ধ্ব-২৩ দলের মিডল অর্ডারের গত ম্যাচে সেঞ্চুরি করা মোহাম্মদ আব্দুল্লাহ ৫৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। পরে আহরার আমিন পিয়ান ৬১ বলে ৪৬ ও দেবাশীষ ৪১ বলে ৪৩ রান করে আউট হয়েছেন। শেষ দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। ২৬ বলে ৩১ রান করেছেন তিনি। ৪৯.৪ ওভারের খেলা শেষে ২৪৫ রানে অলআউট হয়েছে অনূর্ধ্ব-২৩ দল।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬ উইকেট শিকার করেছেন তাফিউল আলম তামিম। ৩ উইকেট নেন শেখ আতিকুর রহমান। ১ উইকেট তোলেন আল রাফি।
জবাব দিতে নামা অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে বারবার বাগড়া দিয়েছে বৃষ্টি। সবকিছু সামলে ১৭.২ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান তোলে অনূর্ধ্ব-১৯ দল। এরপর আবার বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯ বলে ২০ রান করেছেন আব্দুল্লাহ আল মুহি। ১৫ বলে ২৯ রানের ক্যামিও খেলেছেন ফারহান সাদিক। ২৭ বলে ২৪ রান করেন আহসান আল মুমিন।
অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, স্বাধীন ইসলাম ও আহরার আমিন পিয়ান।





