মার্চে নেপালে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

সংগৃহীত ছবি
আগামী মার্চে, ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। কাঠমান্ডুতে মার্চের ২৬, ২৮ ও ৩০ তারিখে হবে তিনটি ম্যাচ। নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এবং দুই দেশের ভেতর সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির উদ্যোগ হিসেবেই নেপালে খেলতে যাবে বাংলাদেশ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির আলাপ থেকেই এই সিরিজের সূত্রপাত, পরবর্তীতে বুধবার নেপালের রাষ্ট্রদূত দেখা করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এর সঙ্গে। এই সাক্ষাতেই চূড়ান্ত হয় বাংলাদেশ দলের নেপাল সফরের দিনক্ষণ। শুধু সিরিজ খেলার মাধ্যমেই নেপালের সঙ্গে সহযোগিতা বাড়াবে না বাংলাদেশ, ভবিষ্যতে দুই দেশের ভেতর বয়সভিত্তিক দল ও হাইপারফরম্যান্স দলের সফর বিনিময় ও পারস্পরিক সহযোগিতা কর্মসূচীও যোগ হবে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২ বার মুখোমুখি হয়েছে নেপাল ও বাংলাদেশ, ২০১৪ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুইবারই জিতেছে বাংলাদেশ।



