ফিটনেসে সমস্যা নেই নাহিদ রানার

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না নাহিদ রানা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও নেই তিনি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের আশা, টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে দলে। সে লক্ষ্যে তাকে পূর্ণ ফিটনেস ট্রেনিংই করাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ট্রেনার ইফতেখার হোসেইন ইফতি।
আগামীর সময়কে ইফতি জানিয়েছেন, ' ফিজিও তাকে (নাহিদ) ফুল ফিটনেস ট্রেনিং করাতে বলেছেন। সে তো কালকেও (বুধবার) বোলিং করেছে। আজকে (বৃহস্পতিবার) কেন করেনি আমি জানি না, সারফেসে প্রবলেম থাকতে পারে বা অন্য কোন সমস্যা হতে পারে।' বাংলাদেশের এই ফাস্ট বোলার সাইড স্ট্রেইন এর কারণে অস্ট্রেলিয়া সিরিজের পর এখন আফগানিস্তান সিরিজ মিস করছেন।
একটি গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী নাহিদ নিতম্বে ব্যথা বোধ করছেন নতুন করে। এই ব্যপারে ইফতি বলেছেন, ' একটা চোট থাকলে সেখান থেকে আরেকটা চোট হতে পারে, তবে চোট থেকে সেরা ওঠার সময় আমরা যখন ট্রেনিংয়ে আস্তে আস্তে ওয়ার্ক লোড বাড়াই তখন দেহের বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে, লম্বা সময় খেলার বাইরে থাকলে যা অস্বাভাবিক নয়। তবে তার ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই বলেই ফিজিও আমাকে জানিয়েছেন, তাকে ফুল ট্রেনিংই করাতে বলা হয়েছে।'
সাম্প্রতিক সময়ে বিসিবি'র কয়েকটি সিদ্ধান্তে নাহিদ রানা খানিকটা অসন্তুষ্ট। অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে খেলার সুযোগ এসেছিল তার, কিন্তু জাতীয় দলের খেলা এবং ওয়ার্কলোড বিবেচনায় তাকে অনাপত্তিপত্র দেবে না বিসিবি। বিগব্যাশ লিগ হবে ডিসেম্বরের ১২ থেকে জানুয়ারির ২৬ পর্যন্ত। এই সময়ে ভারতের বিপক্ষে সিরিজ অথবা বিসিবি'র ডিথ্রি টুর্নামেন্ট এর টি-টোয়েন্টি সংস্করণ চলবে দেশে। যদিও বিপিএল বাদ দিয়ে রিশাদ হোসেনকে বিগব্যাশ লিগে খেলতে অনুমতি দিয়েছিলেন বিসিবি'র সেসময়কার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ এসএ২০ এর নিলামেও দল পাননি নাহিদ রানা।



