২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোর আশায় আশরাফুল

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাতে চান আশারাফুল। ছবি: সংগৃহীত
২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার সঙ্গে স্মরণীয় জয় ছিল বাংলাদেশের। এরপর ওয়ানডেতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আর হারাতে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ এবার মিটবে তো? মোহাম্মদ আশরাফুল বললেন, অবশ্যই।
ঘরের মাঠে ওয়ানডেতে গত তিন সিরিজে জয়ের ধারাবাহিকতা রেখেছে বাংলাদেশ। প্রথমে উইন্ডিজ, পরে পাকিস্তান এবং সবশেষ নিউজিল্যান্ডের সঙ্গে এসেছে জয়। এই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াকে হারানোর কারণ দেখছেন আশরাফুল। ২০০৫ সালের পর ওয়ানডেতে তাদের আর হারাতে পারেনি বাংলাদেশ।
২১ বছরের খরা কাটানোর এটাই সেরা সময় বলে মনে করেন আশরাফুল, ‘এইবার অবশ্যই আমাদের জয়ের সম্ভাবনা বেশি। নিজেদের মাঠ। আমরা খেলছিও ভালো এবং দল হিসেবে আগের চেয়ে বেশি পারফরম্যান্সে এগিয়ে। এই ধারাবাহিকতা রাখলে অবশ্যই ম্যাচ বাই ম্যাচ ধরে এগিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজেও হারাতে পারব। তবে ওরাও ভালো প্রস্তুতি নিয়ে আসছে এশিয়ান কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে খেলে আসবে।’
সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। নেতৃত্বে ছিলেন আশরাফুল, ‘আমরা ২০০৫ এর কার্ডিফে জিতেছিলাম, এরপরে ওদের হারানোর কাছাকাছি যেতে পারিনি। ২০০৮ এ আমি অধিনায়ক থাকতে ওদের ১৯৮ রানে অলআউট করেছিলাম। জয়ের খুব কাছে গিয়েছিলাম ওই ম্যাচেই। যদিও আমরা শেষ পর্যন্ত সফল হইনি।’





