প্রস্তুতি ম্যাচে কালামের দুর্দান্ত সেঞ্চুরি

সংগৃহীত ছবি
টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বসুন্ধরার আনভির ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে নেমেছে বিসিবি একাদশ। প্রথম দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন কালাম সিদ্দিকী অলিন।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। বিসিবি একাদশের হয়ে ওপেনিংয়ে নামেন মাহফিজুল ইসলাম রবিন এবং জিসান আলম। রবিন যদিও সুবিধা করতে পারেননি। ৮ বলে ৪ রান করে বিদায় নেন তিনি।
এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন জিসান। তিনে নামা ইফতেখার হোসাইন ইফতি ৬২ বলে ১৮ রান করেছেন। সেঞ্চুরির খুব কাছে গেলেও সেঞ্চুরিটা ছুঁতে পারেননি জিসান আলম। ১০০ বলে ৮৬ রান করে বিদায় নিয়েছেন তিনি।
চারে নামা কালাম সিদ্দিকী অলিন এরপর দলের হাল ধরেন। দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারও ছুঁয়ে ফেলেন তিনি। ১৬৪ বলে ১০২ রান করে টিকে আছেন তিনি।
এছাড়া অধিনায়ক জাকের আলী অনিক ৪৮ বলে ৩০ রান করেছেন। ক্রিজে আছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৮১ বলে ৩১ রান করে অপরাজিত আছেন তিনি।
এখন পর্যন্ত ৮০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বিসিবি একাদশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন জশুয়া বিশপ। ১টি করে উইকেট নেন জেডন সিলস এবং জোমেল ওয়ারিকান।



