ইয়ানসেনের সাফল্যের দিনে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি
ব্যাটে-বলে সময়টা দারুণ কাটছে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। আর এতেই সাদা পোশাকের বোলিং ও অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছেন এই পেসার। ইয়ানসেনের এই সাফল্যের দিনে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া। জস ইংলিশ ও অ্যালেক্স ক্যারির দারুণ এক জুটিতে দক্ষিণ আফ্রিকার চেয়ে এক রানে এগিয়ে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে তাদের সংগ্রহ ৩৩০ রান।
টেস্টে বোলার ও অলরাউন্ডার, দুই বিভাগেই এক নম্বরে উঠে এসেছেন ইয়ানসেন। অন্যদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন ভারতের অভিষেক শর্মা।
আজও ২৮ রানে দুই গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ইয়ানসেন। ফিরিয়েছেন ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিনকে। অন্য দুই উইকেট নিয়েছেন সিমন হারমার। অজিদের হয়ে সর্বোচ্চ রান রেনশর, তিনি ফিরেছেন ৭৪ রানে। ৬৫ রানে আউট হয়েছেন গ্রিন।
১৮৫ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল অজিরা। সেখান থেকে ক্যারি-ইংলিশ জুটি দলকে পথ দেখিয়েছে। ১৪৫ রানের এই জুটিতেই বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে দল।
অ্যালেক্স ক্যারি অপরাজিত আছেন ৫১ রানে, জস ইংলিশ করেছেন ৮৫ রান।



