৮৯ রানে অলআউট ভারত, হারল রেকর্ড ব্যবধানে

সংগৃহীত ছবি
শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত, সেটা হয়তো এই প্রজন্ম মনেই করতে পারবে না! ৫০ ওভারের ফরম্যাটে ভারত ২৪৪ রানে হারতে পারে, এ যেন রীতিমত অবাক করা ব্যাপার। বে ওভালে হলো এমনটাই। সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে শ্রেয়াস আইয়ারের দল হারল বিশাল ব্যবধানে।
২৬ বছর পর ওয়ানডেতে এত বড় ব্যবধানে হারল ভারত। রানের ব্যবধানে এর চেয়ে বড় হার তাদের ওয়ানডে ইতিহাসেই আছে আর মাত্র একটি। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত। সেটিই এখন পর্যন্ত ওয়ানডেতে তাদের সবচেয়ে বড় হার। আজকের হারটি উঠে এসেছে তালিকার দুইয়ে। এছাড়া ২০১৫ সালে ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার কাছে ২১৪ রানে হেরেছিল ভারত।
উইল ইয়ংয়ের ১০৮ বলে ১৪ চার ও ৪ ছক্কায় গড়া ১২৫ রানের সুবাদে ৩৩২ রানের স্কোর পার কিউইরা।
৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। ম্যাট হেনরির করা ইনিংসের প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন রোহিত শর্মা। একই ওভারে বোল্ড হয়ে ফেরেন বিরাট কোহলি। এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফেরেন শ্রেয়াসও। শূন্য রানে তখন পড়েছে ৩ উইকেট!
ওয়ানডে ইতিহাসে এই প্রথম এমন শুরুর মুখে পড়ল ভারত। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। হেনরির তোপে একের পর এক উইকেট হারিয়েছে ভারত। তাদের মধ্যে ইশান কিশানই কেবল কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছেন। ৫৩ বলে ২৭ রান করেন তিনি।
হেনরি ৯.৪ ওভার বল করে ২৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ম্যাথু ফিশার পেয়েছেন ৩ উইকেট, কাইল জেমিসনের ১টি।
পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখনো ২-১ ব্যবধানে এগিয়ে। সিরিজের শেষ ওয়ানডে ১৫ নভেম্বর, এই মাউন্ট মঙ্গুনইতেই।



