জাতীয় ক্রিকেট লিগ
তৃতীয় দিনেও ব্যাটারদের দাপট, ইরফানের সেঞ্চুরি

ছবি: বিসিবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনেও দাপট দেখিয়েছেন ব্যাটাররা। প্রথম দুইদিনে মোট ৭টি সেঞ্চুরির পর আজ তিন অঙ্কের রান ছুঁয়েছেন ইরফান শুক্কুরও। অন্যদিকে মিরপুরে হাবিবুর রহমান সোহানের ঝোড়ো ইনিংসের সুবাদে ম্যাচে ফিরেছে রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার প্রথম ইনিংসে ৫৪৭ রানের জবাবে ৫ উইকেটে ৪৩১ রান করে দিন শেষ করেছে সিলেট। দলের হয়ে আসাদুল্লাহ আল গালিব ৮৯ ও শোয়াইব আলী ৬০ রান করে আউট হন। ৮১ রানে অপরাজিত আছেন মো. আশরাফুল হাসান রিয়াদ। তোফায়েল আহমেদ রায়হান অপরাজিত আছেন ৫৬ রানে। প্রথম ইনিংসে এখনো ১১৬ রানে পিছিয়ে সিলেট।
মিরপুরে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ৪৮৪ রানে অলআউট হয়েছে খুলনা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩০০ রান তুলে দিন শেষ করেছে রাজশাহী। ৮৩ বলে ৯০ রান করে আউট হয়েছেন হাবিবুর রহমান সোহান। সাব্বির হোসেন করেছেন ৮৮ রান, নাঈম আহমেদ ৬৯। এখনো ৬৫ রানে পিছিয়ে রাজশাহী।
কক্সবাজারে চট্টগ্রামের প্রথম ইনিংস থেমেছে ৫৭৬ রানে। আগের দিনের ৯২ রানে অপরাজিত থাকা ইরফান শুক্কুর সেঞ্চুরি পূর্ণ করে ১১২ রানে আউট হন। বরিশালের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন অভি আহমেদ নোবেল। জবাবে ৪ উইকেটে ১৪৯ রান তুলে দিন শেষ করেছে বরিশাল। ইফতেখার হোসেন ইফতি ৭৪ রান করে আউট হয়েছেন। প্রথম ইনিংসে চট্টগ্রামের চেয়ে ১৪৫ রানে পিছিয়ে বরিশাল।
সিলেট একাডেমি মাঠে ময়মনসিংহের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৯৫ রানে। দলের হয়ে আবু হায়দার রনি ৫২ রান করেছেন। বল হাতেও একটি উইকেট পেয়েছেন তিনি। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৫ রান তুলে দিন শেষ করেছে রংপুর। আকবর আলী করেছেন ৭৪ রান। প্রথম ইনিংসে ১২৭ রানের লিড থাকায় সব মিলিয়ে ৩২২ রানে এগিয়ে রংপুর।



