বিসিবির অ্যাডহক কমিটিতে কে কোন দায়িত্বে

একদিন আগেই নাটকীয়ভাবে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি কমিটি। তামিম ইকবালের নেতৃত্বে গঠন করা হয় ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। বুধবার (৮ এপ্রিল) এই কমিটির সদস্যদের মধ্যে বন্টন করা হয়েছে দায়িত্ব।
তামিমের নেতৃত্বাধীন কমিটি বৈঠকে বসেছিল সন্ধ্যায়। বিসিবি কার্যালয়ের এই বৈঠকে ১১ সদস্যের সবাই বিভিন্ন বিভাগের দায়িত্ব পেয়েছেন।
যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনসের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। এই বিভাগটি ফাঁকা রাখা হয়েছে। সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বোর্ডের সবার সঙ্গে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ এই বিভাগের কার্যক্রম পরিচালনা করা হবে।
ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজের দায়িত্ব পেয়েছেন সভাপতি তামিম। গেম ডেভলপমেন্ট ও বিপিএলের দায়িত্বে ফাহিম সিনহা। মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন বিভাগ সামলাবেন সালমান ইস্পাহানি।
টুর্নামেন্ট কমিটির প্রধান করা হয়েছে মিনহাজুল আবেদীন নান্নুকে। ফিন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ারের দায়িত্ব পেয়েছেন ইসরাফিল খসরু।
রাশনা ইমাম পেয়েছেন উইমেন্স কমিটির দায়িত্ব। লজিস্টিকের দায়িত্বে থাকবেন ইয়াসির আলী। আতহার আলী খান পেয়েছেন আম্পায়ার্স কমিটির দায়িত্ব। টেন্ডার অ্যান্ড পারচেজ বিভাগ সামলাবেন সাঈদ ইব্রাহিম আহমেদ।
রফিকুল বাবু পেয়েছে গ্রাউন্ডসের দায়িত্ব। এছাড়া বয়সভিত্তিক ক্রিকেট দেখবেন তানজিল চৌধুরী।
















