আয় কমায় লভ্যাংশে বড় ধাক্কা লিন্ডে বাংলাদেশের

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক শিল্প ও মেডিকেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি রেকর্ড লভ্যাংশ দিয়েছিল, যার পরিমাণ ছিল ৪৫০০ নগদ।
প্রাইস সেনসিটিভ তথ্য (পিএসআই) অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কোম্পানিটি আগামী ১০ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে জানিয়েছে এবং এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৯ এপ্রিল।
২০২৫ সালের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩৪ কোটি টাকা। একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২২.৬০ টাকা, যা আগের বছরের ৪২১.৯০ টাকা থেকে অনেকটাই কম।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের অস্বাভাবিক উচ্চ মুনাফার পেছনে ছিল একটি এককালীন আয় (ওয়ান-অফ গেইন)।ওই বছরে তাদের হার্ড গুডস ব্যবসার একটি অংশ বিক্রি করার ফলে উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়েছিল, যা চলতি বছরে আর যুক্ত হয়নি।















