চাঁদপুর
জ্বরে আক্রান্ত শিশুকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন!

ফাইল ছবি
চাঁদপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর নিয়ে চিকিৎসা করতে আসা এক শিশুকে ভুলবশত কুকুরের ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।
কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার পাঁচ বছরের জ্বরে আক্রান্ত মেয়ে আলিফাকে জরুরি বিভাগে নিয়ে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে সেবা নিতে আসেন। উভয় রোগীকে জরুরি বিভাগে দেখে পৃথক চিকিৎসাপত্র দেন কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম।
কিন্তু জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করে দেন। এ ঘটনায় বাকবিতণ্ডা শুরু হয় রোগীর অভিভাবকদের সঙ্গে।
‘একই সময়ে দুই রোগী আসায় ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি’—সাংবাদিকদের বলছিলেন আবু ইউসুফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেছেন, ‘ভুলক্রমে ভ্যাকসিন দেওয়া হলেও রোগীর কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। তবুও দায়িত্বে অবহেলার কারণে বিধি মোতাবেক শোকজ করা হবে ওই কর্মকর্তাকে।’
এ দিকে ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।















