বর্ষাপাড়ায় রানবন্যা, ৩ ব্যাটসম্যানের সেঞ্চুরি
- ওয়েস্ট ইন্ডিজ ৪০৫/৭

সংগৃহীত ছবি
গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নামের সঙ্গে মিল রেখেই রানের বৃষ্টি হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ক্যারিবিয়দের সংগ্রহ ৭ উইকেটে ৪০৫ রান।
একই ম্যাচে এক ইনিংসে কোন দলের ৩ ব্যাটসম্যানের সেঞ্চুরি, এমনটা সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, র্যসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। সেপ্টেম্বরের শেষ দিনে ক্রিকেট ইতিহাসে ৫মবারের মত একই ইনিংসে ৩ সেঞ্চুরিয়ানের দেখা পাওয়া গেল। জন ক্যাম্পবেল করেছেন ১০১ রান, অধিনায়ক শাই হোপ করেছেন ১০৪ রান আর আমি জাঙ্গু করেছেন ১১৪ রান।
ভারতের শীর্ষস্থানীয় পেস বোলাররা এশিয়ান গেমস খেলতে জাপানে, তাই সুযোগ মিলেছে গুরনুর ব্রার,প্রসিদ্ধ কৃষ্ণা,আকিব নবিদের। ক্যারিয়ারে একটা সময়ে বিরাট কোহলি আর রোহিত শর্মার সঙ্গে একই দলে খেলেছেন, এটা বলা ছাড়া মনে রাখার মত কোন স্মৃতি তাদের থাকবে না এই সিরিজ থেকে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন আমির জাঙ্গু, বুধবার পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির দেখা। শাই হোপ তার ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরিতে শতকের সংখ্যায় ছাড়িয়েছেন ব্রায়ান লারাকে। ক্যাম্পবেলের ক্যারিয়ারেও এটি দ্বিতীয় সেঞ্চুরি, আগেরটা ছিল ৭ বছর আগে ডাবলিনে।



