ডি-থ্রি ট্রফি
ওয়ালটনের চোখ শিরোপায়

সংগৃহীত ছবি
জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য ওয়ালটনের। তিন সংস্করণের এই প্রতিযোগিতাকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ওয়ালটনের আইকন ক্রিকেটার জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে দলটিতে রয়েছেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, নাসুম আহমেদ, মার্শাল আইয়ুব ও রনি তালুকদারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি তরুণদের নিয়েও ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজিয়েছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত খেলোয়াড় নিলাম থেকে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ায় ছয় ফ্র্যাঞ্চাইজি। নিলামে ওয়ালটনের অন্যতম বড় প্রাপ্তি জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে পেতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। লিটনকে ১ কোটি ৫৫ লাখ এবং মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে তারা।
দলের কোচের দায়িত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত চিত্রনায়ক আমিন খানও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী, ‘সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।’
টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেট—তিন সংস্করণেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ থাকছে ডি-থ্রি ট্রফিতে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারকা ক্রিকেটারদের অভিজ্ঞতা, তরুণদের উদ্যম এবং কোচিং স্টাফের পরিকল্পনাকে কাজে লাগিয়ে সাফল্য পেতে চায় ওয়ালটন। শক্তিশালী স্কোয়াড নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য এখন মাঠের পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া এবং শিরোপা জেতা।



