এশিয়া কাপ আর্চারি
সোনাজয়ী বাংলাদেশ দলকে উষ্ণ সংবর্ধনা

বিমানবন্দরে সোনাজয়ী আর্চারি দলকে জানানো হয়েছে উষ্ণ সংবর্ধনা। ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাঙ্ককে এশিয়া কাপ আর্চারির (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদকে নিয়ে গড়া বাংলাদেশ দল ফাইনালে হারিয়েছিল ভিয়েতনামকে। আজ দুপুরে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাজয়ী আর্চারি দলকে জানানো হয়েছে উষ্ণ সংবর্ধনা।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে বিমানবন্দরে খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এশিয়া আর্চারির সভাপতি ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য কাজী রাজীব উদ্দিন চপল মিষ্টিমুখ করান খেলোয়াড়দের।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেছেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে সোনা জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরো বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরবে।’
শুক্রবার ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ দল।

