চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলছে সড়কের পিচ

ছবিঃ আগামীর সময়
চুয়াডাঙ্গায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চুয়াডাঙ্গা-তে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় গলে যাচ্ছে সড়কের পিচ। এতে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৬ শতাংশ।
সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা শহরের সড়কের কয়েক স্থানে রাস্তার পিচ গলে গেছে। মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলের সময় পিচ লেগে যাচ্ছে গাড়ির টায়ারে। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
‘চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮ ডিগ্রি অতিক্রম করেছে। জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে’—জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক সাইদুর রহমান।

