বাহরাইনে অ্যামাজন কেন্দ্রে হামলার দাবি ইরানের

সংগৃহীত ছবি
বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক ‘হত্যাকাণ্ডের’ প্রতিশোধ হিসেবে তারা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
আইআরজিসি কোনো প্রমাণ না দিয়ে দাবি করে, ‘গোয়েন্দা ও সন্ত্রাসী প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে অ্যামাজন কোম্পানির ক্লাউড কম্পিউটিং কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে।’
বুধবার ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খাররাজি গুরুতর আহত হন এবং তার স্ত্রী নিহত হন—যা ইরানি কর্মকর্তারা তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা হিসেবে বর্ণনা করেছেন।
আইআরজিসি এই সপ্তাহে সতর্ক করে বলেছে, যদি এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত থাকে, তাহলে তারা যেসব আমেরিকান তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিকে হত্যাকাণ্ডের নজরদারি ও পরিচালনায় জড়িত বলে অভিযোগ করছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
এই সপ্তাহের শুরুতে আইআরজিসি যে ১৭টি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল, তার মধ্যে অ্যাপল, মাইক্রোসফট, গুগল, মেটা, আইবিএম, এইচপি, ইন্টেল, টেসলা, বোয়িং এবং জেপি মরগান রয়েছে।

