কোরআনের বাণী
দুনিয়ার সফলতা আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়
- যে সুখ মানুষকে ধোঁকায় ফেলে

প্রতীকী ছবি
কোরআনুল কারিমের বার্তা
সুরা : লোকমান, আয়াত : ২৩
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
نُمَتِّعُهُمۡ قَلِیۡلًا ثُمَّ نَضۡطَرُّهُمۡ اِلٰی عَذَابٍ غَلِیۡظٍ ﴿۲۴﴾
২৪. আমরা তাদেরকে ভোগ করতে দেব স্বল্প। তারপর আমরা তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব।
সংক্ষিপ্ত ব্যাখ্যা
পবিত্র কোরআনের সুরা লোকমানের এই আয়াতের গভীর অর্থ বুঝতে হলে এর প্রেক্ষাপট জানা প্রয়োজন। এর আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা এমন কিছু মানুষের কথা বলেছেন, যারা আল্লাহর নেয়ামত ভোগ করলেও তাঁর প্রতি কৃতজ্ঞ হয় না, বরং কুফরি, অবাধ্যতা ও সত্য অস্বীকারে লিপ্ত থাকে। তখন আল্লাহ বলেন, দুনিয়ায় তারা কিছুদিন আনন্দ-ভোগ করবে, কিন্তু সেটি স্থায়ী নয়।
এখানে “نُمَتِّعُهُمْ قَلِيلًا” অর্থাৎ ‘আমি তাদেরকে স্বল্প সময় ভোগ করতে দেব’ দ্বারা বোঝানো হয়েছে দুনিয়ার সাময়িক জীবন। মানুষ হয়তো সম্পদ, ক্ষমতা, খ্যাতি বা ভোগ-বিলাসে মগ্ন থাকে এবং মনে করে সে সফল। কিন্তু আল্লাহর দৃষ্টিতে পুরো দুনিয়ার জীবনই খুব অল্প। পবিত্র কুরআনের অত্র এক আয়াতে এসেছে— ‘বলুন, দুনিয়ার ভোগসামগ্রী খুবই সামান্য। (সুরা নিসা, আয়াত : ৭৭) অর্থাৎ যে জীবনকে মানুষ অনেক বড় মনে করছে, আখিরাতের তুলনায় তা এক মুহূর্তেরও কম।
সুরা লোকমানের এই আয়াতটির দ্বিতীয় অংশে মহান আল্লাহ বলেছেন— ﴿ثُمَّ نَضْطَرُّهُمْ إِلَىٰ عَذَابٍ غَلِيظٍ﴾ ‘তারপর আমি তাদেরকে কঠিন শাস্তির দিকে বাধ্য করব।’
এখানে “نَضْطَرُّهُمْ” শব্দে অসহায়ত্বের অর্থ রয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন তারা কোনো উপায় বা পালানোর পথ পাবে না। চাইলেও মুক্তি পাবে না। তাদেরকে টেনে হিঁচড়ে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। “عَذَابٍ غَلِيظٍ” অর্থ অত্যন্ত কঠোর ও ভয়াবহ শাস্তি, যা জাহান্নামের আযাবকে নির্দেশ করে।
ইবনে কাসীর রহ. বলেছেন, এই আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের দুনিয়ার সাময়িক সুখকে তুচ্ছ করে দেখিয়েছেন। কারণ কিছুদিনের আনন্দের পর অপেক্ষা করছে স্থায়ী শাস্তি।
এই আয়াত আমাদের জন্যও গভীর শিক্ষা বহন করে। দুনিয়ার সফলতা কখনো আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়। অনেক সময় আল্লাহ অবাধ্য মানুষকেও অবকাশ দেন। কিন্তু সেই অবকাশ যেন মানুষকে প্রতারিত না করে। কারণ সময় শেষ হলে হিসাব অবশ্যম্ভাবী।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন— ‘দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত।’ (মুসলিম, হাদিস : ২৯৫৬)
অর্থাৎ দুনিয়ার বাহ্যিক আরামই চূড়ান্ত সফলতা নয়; প্রকৃত সফলতা আখিরাতের মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে।


