‘বিসমিল্লাহ’ বলে কাজ শুরু করার উপকারিতা

সংগৃহীত ছবি
মানুষের প্রতিটি কাজের পেছনে একটি উদ্দেশ্য থাকে। ইসলাম সেই উদ্দেশ্যকে আল্লাহমুখী করার শিক্ষা দেয়। এ কারণেই পবিত্র কোরআন ও সুন্নাহ একজন মুসলিমকে প্রতিটি বৈধ কাজের সূচনায় আল্লাহর নাম স্মরণ করতে উদ্বুদ্ধ করেছে। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি আল্লাহর প্রতি বান্দার নির্ভরতা, আনুগত্য এবং বরকত কামনার মাধ্যম। ইসলামী সভ্যতার ইতিহাসে ইবাদত থেকে শুরু করে দৈনন্দিন জীবন, শিক্ষা, বিচার, ব্যবসা, চিঠিপত্র এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডেও আল্লাহর নাম দিয়ে সূচনা করার ঐতিহ্য গড়ে উঠেছে।
পবিত্র কোরআনের প্রথম নাযিল হওয়া আয়াতেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন,
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
‘পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।’(সূরা আল-আলাক, আয়াত : ১)
ইবন কাসির (রহ.) তার তাফসীরুল কুরআনিল আযীম-এ উল্লেখ করেছেন, এই আয়াতের মাধ্যমে জ্ঞানের সূচনাকে আল্লাহর নামের সঙ্গে সম্পৃক্ত করার শিক্ষা দেওয়া হয়েছে। এটি শুধূ কোরআন তিলাওয়াতের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। সব কল্যাণকর কাজের জন্য এটি একটি মৌলিক নীতি।
এছাড়া সুরা নামলের ৩০ নম্বর আয়াতে সুলাইমান (আ.)-এর চিঠির সূচনা উল্লেখ করা হয়েছে:
إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
‘এটি সুলাইমানের পক্ষ থেকে, আর এটি শুরু হচ্ছে 'পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে'।’



