যেসব ছোট ছোট কাজেই মেলে বড় সওয়াব

প্রতীকী ছবি
সাদাকা বলতে আমরা সাধারণত অর্থ-সম্পদ দান করাকেই বুঝি। কিন্তু ইসলামের দৃষ্টিতে সাদাকার পরিধি আরও বিস্তৃত। মানুষের উপকার করা, ভালো কথা বলা, কাউকে সহযোগিতা করা কিংবা তার পথ সহজ করে দেওয়াও সাদাকার অন্তর্ভুক্ত। অর্থাৎ সামর্থ্য কম হলেও একজন মুমিন প্রতিদিন অসংখ্যভাবে সাদাকার সওয়াব অর্জন করতে পারেন। রাসুলুল্লাহ (সা.) মানুষের প্রতিদিনের স্বাভাবিক কাজকেও কীভাবে নেক আমলে পরিণত করা যায়, তা এই হাদিসে তুলে ধরেছেন।
عَنْ أَبِيْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كُلُّ سُلَامَى عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ يُعِيْنُ الرَّجُلَ فِيْ دَابَّتِهِ يُحَامِلُهُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيْهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ وَدَلُّ الطَّرِيْقِ صَدَقَةٌ
আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘শরীরের প্রতিটি জোড়ার ওপর প্রতিদিন একটি করে সাদাকা রয়েছে। কোনো ব্যক্তিকে তার সাওয়ারীতে উঠার ক্ষেত্রে সাহায্য করা, অথবা তার মাল-সরঞ্জাম তুলে দেয়া সাদাকা। উত্তম কথা বলা ও সালাতের উদ্দেশ্যে গমনের প্রতিটি পদক্ষেপ সাদাকা এবং কাউকে রাস্তা বাতলিয়ে দেয়াও সাদাকা।’
হাদিসটি আমাদের শেখায়, সাদাকার জন্য শুধু অর্থ থাকা জরুরি নয়; মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাবই মূল বিষয়। কাউকে বাহনে উঠতে সাহায্য করা, তার মালপত্র তুলে দেওয়া, ভালো কথা বলা, নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপ এবং কাউকে সঠিক পথ দেখিয়ে দেওয়াও সাদাকা। এতে বোঝা যায়, একজন মুমিনের দৈনন্দিন জীবনও নেক আমলে পরিপূর্ণ হতে পারে। তাই ছোট কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে না করে মানুষের উপকারে এগিয়ে আসা উচিত।
লেখক: আলেম ও সাংবাদিক



